আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত।
এর আগে, প্রাগপুর পল্লী বিদ্যুতের এজিএম তোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের জানান, নুসরাতের বাড়িতে আগুন লাগার ঘটনায় শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি।
তোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে মিটার, তার ও মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করা হয়েছে। কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও অক্ষত রয়েছে। তাই শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, বাড়িটির বৈদ্যুতিক তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

দৈনিক টার্গেট 
























