এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
অভিযুক্ত আনোয়ার মাঝি (৬০) উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের স্বপন মাঝির ছেলে। তিনি কাঠালতলী গ্রামে অবস্থিত ইন্ডিয়ান টেক্সটাইল নামে একটি গার্মেন্টস কারখানার মালিক।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ওই কারখানায় কাজ করছেন। মায়ের পরিচয়ে মেয়েটিকেও বিভিন্ন কাজে সহযোগিতার জন্য কারখানায় নেওয়া হয়। সংসারের প্রয়োজনে সে সেখানে কাজ শিখছিল এবং মাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে কারখানার মালিক আনোয়ার মাঝি তাঁর ব্যক্তিগত অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে তার মা ও পরিবারের অন্য সদস্যরা দ্রুত কারখানায় গিয়ে কক্ষের তালা ভেঙে তাকে উদ্ধার করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার মাঝির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযুক্ত আনোয়ার মাঝির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৈনিক টার্গেট 





















