এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। এ সময় নায়েব আবুল কালামকে অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে আবুল কালাম বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ শুধু তা-ই নয়, তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আটকে রাখার হুমকিও দেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। সরকারি দপ্তরে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার মুখে এমন হুমকির ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে সাংবাদিকদের মধ্যে।
সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এমন আচরণ শুধু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা নয়, বরং সরকারি সেবাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও গুরুতর প্রশ্ন ওঠে।
সাংবাদিকদের দাবি, শোকজের মধ্যেই যেন এ ঘটনার নিষ্পত্তি না হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

দৈনিক টার্গেট 





















