রোববার (১৫ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ১৮৯০ সালে আঁকা ‘শ্যাতেনিয়ে আঁ ফ্লর’ (ফুলে ফুলে ছেয়ে থাকা চেস্টনাটগাছ) শীর্ষক চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোথেবির নিলামে তোলার কথা। আগামী বুধবার সন্ধ্যার নিলামে এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ১৮ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২,২৪৫ কোটি টাকা। বিক্রি হলে চলতি শরতের নিলাম মৌসুমে এটিই হবে সবচেয়ে দামি শিল্পকর্ম।
চিত্রকর্মটির সাবেক ইহুদি মালিক জার্মান প্রকাশনা প্রতিষ্ঠান এস ফিশার ভারলাগের প্রতিষ্ঠাতা স্যামুয়েল ফিশার। ১৯০৯ সালে তিনি এটি কিনেছিলেন। ১৯৩৪ সালে তাঁর মৃত্যুর পর প্রতিষ্ঠানের দায়িত্ব নেন জামাতা গটফ্রিড বেরমান ফিশার। নাৎসিরা ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠানটির অনেক লেখক সেন্সরশিপ ও প্রকাশনা নিষেধাজ্ঞার মুখে পড়েন। একপর্যায়ে বেরমান ফিশারকে ভিয়েনায় চলে যেতে হয়।
উত্তরাধিকারীদের আইনজীবী গুনার শ্নাবেল দাবি করেছেন, ১৯৩৬ সালে পরিবারটি বার্লিন ছেড়ে ভিয়েনায় যাওয়ার তিন মাস পর আমস্টারডামে চিত্রকর্মটি বিক্রি করে। নাৎসি কর্তৃপক্ষ ইহুদিদের দেশত্যাগের সময় সম্পদ সঙ্গে নেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। পাশাপাশি দেশত্যাগীদের সম্পদ সরিয়ে নেওয়া ঠেকাতে ‘রাইখ ফ্লাইট ট্যাক্স’ আরোপ করা হয়েছিল।
আইনজীবীর দাবি, ন্যায্য বাজারমূল্যে এবং নাৎসি শাসন না থাকলেও পরিবারটি চিত্রকর্মটি বিক্রি করত—এমন প্রমাণ না পাওয়া পর্যন্ত নিলাম স্থগিত রাখা উচিত। তিনি ১৯৯৮ সালের ওয়াশিংটন নীতিমালার আলোকে ন্যায়সংগত সমাধানের আহ্বান জানিয়েছেন।
এদিকে সোথেবি জানিয়েছে, তাদের গবেষণায় এখন পর্যন্ত চিত্রকর্মটি জোর করে বিক্রির প্রমাণ মেলেনি। তবে উত্তরাধিকারীদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা চলছে। নির্ধারিত সময়ে নিলাম অনুষ্ঠিত হবে কি না, তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

দৈনিক টার্গেট 



























