• কাঁচামালের মূল্যবৃদ্ধিকে বড় চ্যালেঞ্জ মনে করে ৪৯ শতাংশ।

দৈনিক টার্গেট • কাঁচামালের মূল্যবৃদ্ধিকে বড় চ্যালেঞ্জ মনে করে ৪৯ শতাংশ।

জ্বালানি ও কাঁচামালের বাড়তি দাম বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় ব্যয়ের বোঝা হয়ে উঠেছে। দেশের অর্ধেক ব্যবসায়ী জ্বালানি ব্যয়কে তাঁদের ব্যবসার প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছেন। আর ৪৯ শতাংশ ব্যবসায়ীর কাছে বড় চ্যালেঞ্জ কাঁচামালের মূল্যবৃদ্ধি। শুধু বর্তমান ব্যয় নয়, আগামী দুই বছরেও ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশের ৭৬ শতাংশ ব্যবসায়ী।
এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬ ’-এর বাংলাদেশবিষয়ক তথ্যে এমন চিত্র উঠে এসেছে। গতকাল রোববার প্রকাশিত জরিপে দেখা যায়, অংশ নেওয়া বাংলাদেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান এরই মধ্যে সামগ্রিক ব্যয় বৃদ্ধির চাপে রয়েছে। ব্যয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চলতি মূলধনের চাহিদাও। ২০২৫ সালের পর থেকে চলতি মূলধনের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান।
জরিপ অনুযায়ী, সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিজ দেশে ফিরিয়ে আনা বা পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ৫৫ শতাংশ প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে বৈশ্বিক গড় ৩৬ শতাংশ। অর্থাৎ সরবরাহব্যবস্থার কৌশল পরিবর্তনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর তৎপরতা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
একইভাবে চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস ও বাজার গড়ে তোলার ‘চায়না প্লাস ওয়ান’ কৌশল নিয়েছে দেশের ৫৭ শতাংশ প্রতিষ্ঠান। বৈশ্বিক গড়ও এ ক্ষেত্রে ৩৬ শতাংশ। এ প্রবণতা থেকে বোঝা যায়, সরবরাহব্যবস্থার অনিশ্চয়তা মোকাবিলায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বিকল্প উৎস ও উৎপাদনব্যবস্থার দিকে ঝুঁকছে।
ঝুঁকি মোকাবিলায় নেওয়া পদক্ষেপের কার্যকারিতা নিয়েও ইতিবাচক মূল্যায়ন রয়েছে। জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, ঝুঁকি মোকাবিলায় তাদের নেওয়া পদক্ষেপ কার্যকর হয়েছে। এসব পদক্ষেপের ফলে নগদ অর্থপ্রবাহ এবং চলতি মূলধনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ৮১ শতাংশ প্রতিষ্ঠান।

বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ এবং কৃষকের কাছে সাশ্রয়ী দামে সার পৌঁছে দিতে সরকারের ভর্তুকি ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে। এই তিন খাতের ভর্তুকি মেটাতে বাজেটে সারা বছরের জন্য যে বরাদ্দ ছিল, সাড়ে চার মাসেই ব্যয় হয়ে গেছে তার প্রায় ৮৬ শতাংশ।

দেশে বর্তমানে কোনো খাদ্যঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থ বছরে দেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৪৩৪ দশমিক ৯৬ লাখ মেট্রিক টন…