ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদ নিয়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। এদিকে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি মিত্র ইতামার বেন-গভিরের দলকে সম্ভাব্য জোটের বাইরে রাখার বিষয়ে তাঁর ঘনিষ্ঠ মহলে আগ্রহ তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
নাফতালি বেনেতের বি’ইয়াখাদ পার্টি নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের বিষয়টি বিবেচনার পক্ষে। তবে দলটির শর্ত, ক্ষমতা ভাগাভাগির কোনো চুক্তি হলে প্রথমে প্রধানমন্ত্রী হবেন আইজেনকোট। বেনেত আরব নেতৃত্বাধীন কিংবা অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে জোটের চেয়ে লিকুদের সঙ্গে সরকার গঠনকে বেশি পছন্দ করেন। তবে জোটের অন্য অংশীদারদের বাদ দিয়ে তিনি লিকুদের সঙ্গে যাবেন না।
অন্যদিকে, ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান এই আলোচনাকে নেতানিয়াহুর পাতা ফাঁদ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, নেতানিয়াহুর রাজনৈতিক যুগের অবসান ঘটানোই প্রধান লক্ষ্য। নেতানিয়াহু-পরবর্তী সময়ে লিকুদের সঙ্গে সহযোগিতায় তাঁর আপত্তি নেই। ডেমোক্র্যাটস পার্টিও ঐক্য সরকারের আলোচনার বিরোধিতা করছে।
সম্ভাব্য জোট থেকে বেন-গভিরের ওতজমা ইয়েহুদিকে বাদ দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তিরা আইজেনকোটকে আশ্বাস দিয়েছেন বলে ইসরায়েল হাইওম জানিয়েছে। যুক্তরাষ্ট্রও দলটিকে সরকারে না রাখার দাবি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রকাশ্যে নেতানিয়াহু তাঁর হারেদি ও উগ্র জাতীয়তাবাদী মিত্রদের নিয়ে সরকার গঠনের অবস্থানেই অনড় রয়েছেন।
ইউটিজের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে শাস পার্টির উদ্বেগ রয়েছে। দলটির চেয়ারম্যান আরিয়েহ দেরির আশঙ্কা, ইউটিজে আইজেনকোটের সরকার গঠনে সমর্থন দিলেও হারেদি পুরুষদের সামরিক নিয়োগসংক্রান্ত আইন পাসের নিশ্চয়তা আদায় করতে পারবে না। দেরি জানিয়েছেন, শাস নেতানিয়াহুর সঙ্গেই থাকবে এবং আইজেনকোটের জোটের সঙ্গে কোনো আলোচনা করবে না।
নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় ইয়াশারকে নেসেটের বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে মাতান কাহানাকে নতুন স্পিকার করার প্রস্তাব এগিয়ে নিতে দেখা যাচ্ছে। লিকুদ এ প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ করলেও ইয়াশার তা প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার এ বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সঙ্গে সমঝোতা না হলেও ঐক্য সরকার গঠনের চেষ্টা চালানোর মাধ্যমে আইজেনকোট নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চাইতে পারেন। এরপর তাঁর সামনে বিকল্প হিসেবে রয়েছে ইউটিজেসহ হারেদি দলগুলোর সঙ্গে জোট অথবা আরব নেতৃত্বাধীন রা’আম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন।

দৈনিক টার্গেট 

























