গত কয়েক সপ্তাহ ধরেই উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছিল, ইরান সংঘাতের অবসান নিজ শর্তে নিশ্চিত করতে আবারও তাদের ওপর হামলা শুরু করতে পারে। গত কয়েক দিনে সেই উদ্বেগ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বাহরাইনে পরপর দুটি ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে—মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় সেখানেই। একই সময়ে তেহরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেছে, তারা যেন ‘পুরোনো ক্ষতে আবার আঘাত না করে।’
যুক্তরাষ্ট্রের অবরোধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মিলিত চাপে ইরানের অর্থনীতি যখন আরও চাপে, তখন হরমুজ প্রণালি হয়ে উপসাগরীয় দেশগুলোর আরও বেশি তেল ও গ্যাস রপ্তানি ঠেকানোর চেষ্টা করছে তেহরান। এ অবস্থায় ইরান সংঘাতের পরিসর বাড়িয়ে পরিস্থিতির ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও দর-কষাকষির ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করছে বলে মনে হচ্ছে।
বাহরাইন ডিফেন্স ফোর্স গতকাল রোববার জানায়, তারা ইরানের বেশ কয়েকটি ড্রোন ‘প্রতিরোধ ও ধ্বংস’ করেছে। এর আগে শুক্রবারও একই ধরনের একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছিল। রোববার বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে। দূতাবাস বলেছে, ইরান-সমর্থিত হুতিদের হামলার হুমকি বেড়েছে। পাশাপাশি, এ অঞ্চলে মার্কিন সরকারি কর্মকর্তা ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে ইরান।
দূতাবাস আরও সতর্ক করেছে, পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণসংক্রান্ত বিঘ্ন ঘটতে পারে। তবে দূতাবাস জানিয়েছে, তাদের কার্যক্রম চালু রয়েছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ঘাঁটিতে হামলার দাবি করেছিল। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। তবে কী ধরনের আগ্রাসনের কথা বলা হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
বাহরাইনকে লক্ষ্য করে হামলার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর প্রতি তেহরানের বক্তব্যেও ক্রমেই আক্রমণাত্মক সুর লক্ষ করা যাচ্ছে। নতুন করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা হলে তার পরিণতি কী হতে পারে এবং ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনার অবস্থা কী, সেসব বিষয়েও কঠোর অবস্থান নিচ্ছে ইরান।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থাকায় দেশটিকে লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টা আঞ্চলিক সংঘাতের পাশাপাশি ওয়াশিংটনের নিরাপত্তাসংশ্লিষ্ট হিসাব-নিকাশেও নতুন চাপ তৈরি করছে। তবে এসব হামলার মাধ্যমে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে নতুন করে যুদ্ধে জড়াতে চাইছে কি না, তা স্পষ্ট নয়।
তবে তেহরানের সাম্প্রতিক অবস্থান থেকে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনাকে সামনে রেখেই নিজেদের অবস্থান শক্ত করছে দেশটি। একই সঙ্গে উপসাগরীয় প্রতিবেশীদের প্রতি হুঁশিয়ারি এবং নৌযানে হামলার ঘটনা সংঘাতের পরিসর আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।
গত সপ্তাহে ছয় সদস্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ইঙ্গিত দেয়, তাদের ভূখণ্ডে হামলার জন্য ইরানকে প্রতিবেশী দেশগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। বিষয়টি ইরানকে ক্ষুব্ধ করেছে। অথচ যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরান নিজেও ক্ষতিপূরণ দাবি করছে।
রোববার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রশ্ন তোলেন, ‘যেসব দেশ প্রতিবেশী একটি দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সরাসরি অংশ নিয়েছে এবং ইরানের ভূখণ্ডে হামলাকারীদের নিজেদের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করতে দিয়েছে, তারা কীভাবে এখন ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করার কথা বলতে পারে?’ তিনি আরও বলেন, ‘আত্মরক্ষার ক্ষেত্রে ইরানের সহজাত ও আইনগত অধিকার কোথায়?’
অতীতের ঘটনা যে ইরান ভুলে যায়নি, সে কথাও স্মরণ করিয়ে দেন বাঘাই। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোকে ‘পুরোনো ক্ষতে আবার আঘাত না করার বিষয়ে সতর্ক থাকতে হবে’। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানের বিরুদ্ধে ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে উপসাগরীয় দেশগুলোর সমর্থনের প্রসঙ্গ টেনেই তিনি এ মন্তব্য করেন।
এমিরেটস পলিসি সেন্টারের গবেষক ইবতিসাম আল-কেতবি বলেন, ‘ইরান চায়, উপসাগরীয় দেশগুলো এমন একটি যুদ্ধের মূল্য পরিশোধ করুক, যে যুদ্ধ তারা নিজেরা বেছে নেয়নি। এরপর তাদের জবাবদিহি ও ক্ষতিপূরণ চাওয়ার অধিকারও ছেড়ে দিতে হবে। এমন সমীকরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
আঞ্চলিক সংঘাত আবারও শুরু হওয়ার আশঙ্কা যে বাড়ছে, তার একটি ইঙ্গিত পাওয়া গেছে গত সপ্তাহে। ওই সময় জিসিসি কুয়েতে তাদের সমন্বিত সামরিক কমান্ডের জন্য একটি আধুনিক সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেয়। একই সঙ্গে ওই স্থাপনায় সামরিক বাহিনী মোতায়েনের কথাও জানানো হয়।
সংগঠনটির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই বলেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে ‘জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় উপসাগরীয় দেশগুলোর দৃঢ় অঙ্গীকার’ প্রকাশ পেয়েছে। তিনি ইরানের হামলাগুলোকে ‘জঘন্য’ বলেও অভিহিত করেন।
এদিকে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের ওপরও হামলা বাড়িয়েছে ইরান। প্রায় প্রতিদিনই দাবি করা হচ্ছে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় বিভিন্ন তেলবাহী ট্যাংকার মাইন বিস্ফোরণের শিকার হয়েছে। তবে এসব দাবির অধিকাংশেরই সত্যতা নিশ্চিত করা যায়নি।
তেহরানের কাছে সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ের কাছাকাছি পৌঁছে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসা আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দর-কষাকষির ক্ষমতা কেড়ে নিচ্ছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, অক্টোবর মাসে ওমান বাদে উপসাগরীয় দেশগুলোর দৈনিক তেল রপ্তানির পরিমাণ ছিল ১ কোটি ৮৪ লাখ ব্যারেল। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এই পরিমাণ প্রায় ২৬ শতাংশ কম। অন্যদিকে, দুই মাসেরও বেশি সময় ধরে ইরান নিজের অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি করতে পারছে না।
ইরানের শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া এবং জব্দ করা কয়েক শ কোটি ডলারের সম্পদ অবমুক্ত করার দাবি জানাচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার শর্ত হিসেবে এসব দাবি তুলে ধরেছে তেহরান।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতেই আগ্রহী বলে মনে হচ্ছে। তাঁর ধারণা, অর্থনৈতিক সংকট যত গভীর হবে, তেহরান ততই নিজেদের শর্ত শিথিল করতে বাধ্য হবে। একই সঙ্গে ট্রাম্প বুঝতে পারছেন, উপসাগরীয় দেশগুলো নতুন করে আরেক দফা সংঘাত এড়াতে চায়।
বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘যেসব দেশকে আমি সুরক্ষা দিতে চাই, তাদের অনুরোধে আমরা বিষয়টি একটু দীর্ঘ পথে, আরও সভ্য উপায়ে এগিয়ে নিচ্ছি।’ একই সময়ে তিনি ইরানের সঙ্গে আলোচনা পুনরুজ্জীবিত করার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেওয়া উদ্যোগ বাতিল করেন। ট্রাম্প ঘোষণা দেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।’
তেহরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রকাশ্যে দাবি করছেন, ইরান এই চাপ মোকাবিলা করতে সক্ষম এবং দেশটির মুদ্রা ইরানি রিয়ালকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রাও তাদের হাতে রয়েছে। তবে বাস্তবে ইরানের অর্থনৈতিক দুর্ভোগ আরও গভীর হচ্ছে বলে মনে হচ্ছে। সংঘাত শুরুর পর থেকে রিয়ালের মূল্য ব্যাপকভাবে কমে গেছে। দেশটির অর্থনৈতিক দুরবস্থার একটি নিয়মিত চিত্র হয়ে উঠেছে বিভিন্ন এলাকায় পেট্রল পাম্পের সামনে দীর্ঘ সারি।
ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাঘাব এসফাহানি গত সপ্তাহে স্বীকার করেন, জ্বালানি সরবরাহে সমস্যা রয়েছে। তিনি বলেন, ইরানিরা এখন আর নিজেদের প্রয়োজনীয় জ্বালানি পেট্রল পাম্পগুলো থেকে সব সময় পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না।
জ্বালানির সংকটের প্রতিবাদে বৃহস্পতিবার বন্দরনগরী বন্দর আব্বাসের কয়েকজন বাসিন্দা সড়কে অবরোধ সৃষ্টি করেন। অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কর্মকর্তাদের জ্বালানি সংকট নিয়ে কথা বলা বন্ধ করার পরামর্শ দেন। ইরানে জ্বালানির বিষয়টি সব সময়ই অত্যন্ত স্পর্শকাতর। তবে এসব পরিস্থিতির মধ্যেও ইরানের শাসকগোষ্ঠী সমঝোতায় আসতে প্রস্তুত, এমন কোনো প্রকাশ্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
রোববার বাঘাইকে প্রশ্ন করা হয়, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত করা কিংবা সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনার প্রস্তাব মেনে নেবে কি না। জবাবে তিনি বলেন, ‘না। আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি। এই সময়ে আমরা পারমাণবিক ইস্যু-সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না। এ ধরনের কোনো আলোচনাও আমরা করিনি।’
রোববার গালিবাফ বলেন, ওয়াশিংটন আলোচনা চায়, নাকি যুদ্ধ চায়, তাতে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তিনি হুঁশিয়ার করে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবার আবারও কোনো ভুল করলে যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক পরিসর নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও লড়াই করার ইচ্ছাশক্তি।’
এদিকে, ইয়েমেনে ইরানের মিত্র হুতিরা প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে তারা। এর ফলে সরকারি বাহিনীকে লোহিত সাগরের কাছাকাছি অবস্থান থেকে পিছু হটতে হয়েছে। এটি তাদের চলমান সামরিক অভিযানের ক্ষেত্রে একটি বড় ধাক্কা।
সব মিলিয়ে পুরো অঞ্চলজুড়ে এক ধরনের অস্থিতিশীল ও অনিশ্চিত অচলাবস্থা তৈরি হয়েছে। বাহরাইনে হামলার চেষ্টা, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে হুমকি, উপসাগরীয় দেশগুলোর সামরিক প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখার অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক সিত্রিনোভিচ আরও বলেন, ‘শুধু সময়ের প্রবাহই তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করবে, যুক্তরাষ্ট্রের এমনটা ধরে নেওয়া উচিত নয়। ইরান বারবার প্রমাণ করেছে, দেশটির নেতৃত্ব যেসব বিষয়কে জাতীয় স্বার্থের মৌলিক অংশ বলে মনে করে, সেগুলো থেকে সরে আসার চেয়ে বিপুল অর্থনৈতিক ক্ষতি মেনে নিতেও তারা প্রস্তুত।’

দৈনিক টার্গেট 

























