তবে বিপুল সংখ্যক মানুষের সহানুভূতি ও বিয়ের প্রস্তাব পেলেও এখনই নতুন করে সংসার বাঁধার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইতি। মানসিক বিপর্যয় কাটিয়ে বর্তমানে নিজের পায়ে দাঁড়ানো এবং আত্মনির্ভরশীল হওয়াকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের রিকিম আলী সরদারের মেয়ে জান্নাতুল ইতি আক্তারের সঙ্গে মেহেন্দিগঞ্জের বাবনেরচর গ্রামের বাসিন্দা ও পোশাক শ্রমিক রনি খানের বিয়ে হয়।
ইতি ও তাঁর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নিঃসন্তান হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো এবং একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
পরিবার জানায়, চিকিৎসকেরা আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতির মাধ্যমে চিকিৎসার পরামর্শ দিলে ইতির বাবা জমি বিক্রি ও বন্ধক রেখে এবং ঋণ নিয়ে চিকিৎসার ব্যয় বহনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু স্বামী রনি খান তাতে সম্মত হননি।
সবশেষ গত ৭ নভেম্বর রাতে মাসকাটা গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে এক সালিস বৈঠক বসে। সেখানে ইতি স্বামীর পা ধরে সংসার না ভাঙার অনুরোধ জানালেও রনি খান নিজের সিদ্ধান্তে অনড় থেকে বিবাহবিচ্ছেদ কার্যকর করেন।
বর্তমান মানসিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জান্নাতুল ইতি আক্তার বলেন, ‘আমি এখন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। তাই বিয়ে নিয়ে এখন আর কোনো কথা বলতে বা এই দিকে এগোতে চাচ্ছি না। সবার কাছে আমার একটাই অনুরোধ—আমার সাথে যা হয়েছে, তা যেন আর কোনো নারীর সাথে না ঘটে।’
তিনি জানান, ভবিষ্যতে কখনো জীবনসঙ্গী নির্বাচনের সুযোগ এলে তিনি এমন কাউকে বেছে নেবেন, যিনি তাঁর পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকবেন এবং মানসিক চাপ দেবেন না। আপাতত অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নিজের পায়ে দাঁড়াতে চান তিনি।
ইতির বাবা রিকিম আলী সরদার বলেন, মেয়ের সুখের আশায় তিনি জমি বন্ধক রেখে ও কৃষিঋণ নিয়ে জামাইয়ের সংসারে সাধ্যমতো সহায়তা করেছেন। এরপরও সংসার ভেঙে যাওয়ায় পরিবার হতাশ। তবে মেয়ের পরবর্তী জীবনের সিদ্ধান্তের বিষয়ে ইতির মতামতকেই চূড়ান্ত হিসেবে মেনে নেবে পরিবার।

দৈনিক টার্গেট 



















