আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া কাজীরা জানান, অধিক্ষেত্র লঙ্ঘন, পেশাগত নিরাপত্তাহীনতা ও নানা ধরনের হয়রানির কারণে তাঁদের স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে তাঁরা ১০ দফা দাবি জানিয়েছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ এলাকার সীমানা নির্ধারণ ও অধিক্ষেত্র নিশ্চিত করা, বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ এবং ডিজিটাল পদ্ধতিতে সীমানা নির্ধারণ, সুনির্দিষ্ট বেতন ও সম্মানী নির্ধারণ, পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। এ ছাড়া কাজীদের জন্য অফিস স্থাপন, ভুয়া কাজী প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সভাপতি এ আর এম শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনটির পঞ্চগড় সদর উপজেলার সভাপতি আরাফাত ইদ্রিস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 






















