আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তা'আল পার্টির শীর্ষ নেতা তিবি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া থেকে ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁদের ‘বেপরোয়া উসকানি’ সত্ত্বেও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিবি আরও বলেন, জয়েন্ট লিস্ট নেসেটের সব কমিটিতেই প্রতিনিধিত্ব করবে।
এদিকে সোমবার নেসেটের একটি কমিটি জানিয়েছে, ডানপন্থী ইয়িসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান হবেন।
ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রাআম) গত মাসের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দল দুটি মিলিয়ে নেসেটে ১৯টি আসন পেয়েছে। চলতি মাসে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর জোটটি গাদি আইজেনকটকে সমর্থন জানিয়েছে।
নেসেটে প্রতিনিধিত্ব বাড়ার পর ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলো এখন নিজেদের সম্প্রদায়ের প্রতি বৈষম্যসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় এই প্রতিনিধিত্ব কাজে লাগানোর দিকে মনোযোগ দিচ্ছে।
এর আগে রোববার নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান আহমেদ তিবি। পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তিনি নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ‘মাফিয়াদের মতো আচরণের’ অভিযোগ তোলেন।
পুলিশের একটি গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। সূত্রটি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন কর্মী। তবে গ্রেপ্তারের আগে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়। সে সময় বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।
১৯৯৯ সালে প্রথমবারের মতো ইসরায়েলের নেসেটের সদস্য নির্বাচিত হন আহমেদ তিবি। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন।

দৈনিক টার্গেট 



























