গণহত্যার অভিযোগ আইনিভাবে প্রমাণ করা অত্যন্ত কঠিন। বৃহস্পতিবারের রায়কে সামনে রেখে এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো।
গণহত্যার একটি কঠোর আইনি সংজ্ঞা রয়েছে। নাৎসি বাহিনীর হলোকাস্টের পর আন্তর্জাতিক মানবিক আইনে গণহত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হলেও আদালতে এ অপরাধ প্রমাণিত হয়েছে খুব কম ক্ষেত্রেই। ১৯৪৮ সালের গণহত্যা সনদ (জেনোসাইড কনভেনশন) অনুযায়ী, গণহত্যা বলতে এমন অপরাধকে বোঝায়, যা কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত হয়।
পাঁচ ধরনের অপরাধকে গণহত্যার আওতায় ফেলা যায়। এগুলো হলো—কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর সদস্যদের হত্যা করা, ওই জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা, এমন পরিস্থিতি তৈরি করা, যার উদ্দেশ্য ওই জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা, ওই জনগোষ্ঠীর মধ্যে সন্তান জন্মদানের প্রক্রিয়া বন্ধ বা বাধাগ্রস্ত করা এবং জোরপূর্বক ওই জনগোষ্ঠীর শিশুদের অন্য কোনো জনগোষ্ঠীর কাছে হস্তান্তর করা।
হলোকাস্টের পর থেকে আন্তর্জাতিক আদালত মাত্র কয়েকটি ঘটনায় গণহত্যার বিষয়টি প্রতিষ্ঠা করতে পেরেছে। এর মধ্যে রয়েছে ১৯৭০-এর দশকে খেমার রুজ শাসনামলে কম্বোডিয়ার সংখ্যালঘু চাম ও ভিয়েতনামি জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ, যাতে প্রায় ১৭ লাখ মানুষ নিহত হয়। এ ছাড়া ১৯৯৪ সালে রুয়ান্ডায় তুতসি জনগোষ্ঠীর ওপর ব্যাপক হত্যাযজ্ঞ এবং ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় প্রায় আট হাজার মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনাও রয়েছে।
কোনো রাষ্ট্র বা ব্যক্তি গণহত্যা করেছে কি না, তা নির্ধারণ করতে আদালতকে দুটি বিষয় নিশ্চিত করতে হয়। প্রথমত, গণহত্যার সংজ্ঞায় থাকা পাঁচ ধরনের অপরাধের অন্তত একটি সংঘটিত হয়েছে কি না। দ্বিতীয়ত, অপরাধের শিকার ব্যক্তিরা কোনো স্বতন্ত্র জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীর সদস্য কি না।
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তুলনায় গণহত্যার অভিযোগ প্রমাণ করা অনেক বেশি কঠিন। কারণ, গণহত্যা প্রমাণের জন্য অপরাধ সংঘটনের পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য বা অভিপ্রায় ছিল, সেটি প্রতিষ্ঠা করতে হয়। এ উদ্দেশ্যের প্রমাণ সরাসরি বক্তব্য বা নির্দেশের মাধ্যমে পাওয়া যেতে পারে। তবে অপরাধীদের ধারাবাহিক কর্মকাণ্ডের ধরন ও সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করেও তাদের গণহত্যার উদ্দেশ্য ছিল বলে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।
এর আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গণহত্যাসংক্রান্ত দুটি মামলার রায় দিয়েছে। দুটি মামলাই ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর বলকান অঞ্চলে সংঘটিত যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। ২০০৭ সালে আদালত রায়ে জানায়, সার্বিয়া সরাসরি গণহত্যা সংঘটন করেনি। তবে বসনিয়ার স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর সংঘটিত গণহত্যা প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় দেশটি গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
২০১৫ সালে আদালত জানায়, ক্রোয়েশিয়ায় গণহত্যা সংঘটিত হয়নি। অন্যদিকে, জাতিসংঘের ট্রাইব্যুনালগুলো রুয়ান্ডা ও বসনিয়ায় গণহত্যার ঘটনায় জড়িত কয়েক ডজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। ২০১৮ সালে জাতিসংঘ ও কম্বোডিয়ার যৌথ উদ্যোগে গঠিত একটি বিশেষ ট্রাইব্যুনাল কম্বোডিয়ার খেমার রুজের দুই নেতাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে।' কিলিং ফিল্ডস' নামে পরিচিত ওই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে বিবেচনা করা হবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলার পর এ রায় আসে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। ওই অভিযানের সময় হত্যাকাণ্ড, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। আদালতে সাক্ষীরা জানিয়েছেন, তাঁরা ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ এবং রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আচরণ এবং গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের পৃথক তদন্তে এমন কিছু কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, যেগুলোকে গণহত্যামূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে।
তবে উভয় দেশই এসব তদন্তের ফলাফলের আইনি তাৎপর্য নিয়ে আপত্তি জানিয়েছে। বৃহস্পতিবারের রায়ে আইসিজে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী প্রতিবেদনগুলোর সিদ্ধান্ত ও পর্যবেক্ষণকে কীভাবে মূল্যায়ন করে, তা স্পষ্ট হবে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, তাদের সামরিক অভিযান ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়, বরং হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
গাজা মামলার চূড়ান্ত রায় ২০২৯ সালের আগে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায়ে আইসিজে কী সিদ্ধান্ত দেয়, তা তাঁরা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে, ধারাবাহিক কর্মকাণ্ডের ধরন কীভাবে গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করতে পারে, মিয়ানমার মামলার রায়ে আদালত বিষয়টি আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করবে।
গাম্বিয়া এবং মামলায় হস্তক্ষেপকারী কয়েকটি রাষ্ট্রের পক্ষ থেকে বিচারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তাঁরা যেন শুধু ব্যাপক হত্যাকাণ্ডের বিষয়টিই বিবেচনা না করেন। বরং যৌন সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং শিশুদের ওপর ক্ষতিকর প্রভাবকেও গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ বা নির্দেশক হিসেবে বিবেচনা করেন।
মিয়ানমারের দাবি, তাদের সামরিক অভিযান রোহিঙ্গা জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হয়নি; বরং একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। একইভাবে, ইসরায়েলের বক্তব্য, তাদের সামরিক অভিযান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নয়, বরং হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

দৈনিক টার্গেট 

























