বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে সানারপাড় মৌচাক ইউটার্ন-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি স্টার পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা (৪০), সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন (৩৫), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শান্ত, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সালাহ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতির দুই ছেলেসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মামলার এজাহারসূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল সানারপাড় পিডিকে পাম্পের সামনে রাতের দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মৌচাক ইউটার্ন এলাকায় একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় মহাসড়কের পাশে থাকা ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২ নম্বরের বাসটিতে আগুন দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক টার্গেট 























