এই রায়ের পর বাংলাদেশসহ বিভিন্ন দেশ, জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রোহিঙ্গা অধিকারকর্মীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের ঐতিহাসিক অর্জন হিসেবে স্বাগত জানিয়েছে, কেউ মিয়ানমারকে দ্রুত রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। অন্যদিকে রোহিঙ্গা প্রতিনিধিরা বলছেন, শুধু আদালতের রায় নয়, নাগরিকত্ব পুনর্বহাল, নিজস্ব পরিচয়ের স্বীকৃতি এবং নিরাপদে মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত হলেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য কীভাবে দায়বদ্ধ করা হবে, সে বিষয়ে মামলাটির সম্ভাব্য প্রভাবের কারণে বিভিন্ন দেশের সরকার, আইনজীবী, মানবাধিকার সংগঠন এবং রোহিঙ্গা সম্প্রদায় দীর্ঘদিন ধরে এর ওপর নজর রাখছিল।
বৃহস্পতিবার দেওয়া রায়ে আদালত বলেছে, ২০১৭ সালে প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমার দায়ী। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও শর্ত পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
মিয়ানমারের ছায়া জাতীয় ঐক্য সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) আন্তর্জাতিক বিচার আদালতের কর্তৃত্ব ও রায়কে সম্মান জানানোর কথা জানিয়েছে। সাবেক নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সাবেক সদস্যদের নিয়ে গঠিত এই সরকার বলেছে, তারা আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো বিবেচনা করবে। একই সঙ্গে দায়বদ্ধতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় পর্যালোচনা করছে ওয়াশিংটন। রায়ের প্রভাব কী হতে পারে, তা মূল্যায়ন করাই তাদের উদ্দেশ্য। একই সঙ্গে আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠেকানোর ওপর গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওই কর্মকর্তা বলেন, ‘গণহত্যা সনদের যথাযথ ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে আন্তর্জাতিক বিচার আদালতকে রাজনৈতিকীকরণ থেকে রক্ষা করাও জরুরি। রায়ের প্রভাব পুরোপুরি মূল্যায়ন করতে আমরা এটি পর্যালোচনা করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা বার্মার জনগণের প্রতি সমর্থন জানাই। রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্যদের ওপর অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরাও গভীরভাবে উদ্বিগ্ন।’
মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা গাম্বিয়া আদালতের রায়কে ‘গভীর সন্তুষ্টির’ সঙ্গে স্বাগত জানিয়েছে। দেশটি দিনটিকে ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন’ বলে অভিহিত করেছে। গাম্বিয়া সরকার বলেছে, ১৯৪৮ সালের গণহত্যা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রেরই গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার যৌথ দায়িত্ব রয়েছে। একই সঙ্গে মিয়ানমারকে আদালতের রায় ‘সম্পূর্ণভাবে এবং কোনো বিলম্ব ছাড়াই’ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি।
আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কোনো বিলম্ব না করে রায় বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আদালতের রায় মেনে চলতে মিয়ানমার আইনগতভাবে বাধ্য।
বাংলাদেশ বলেছে, এই সিদ্ধান্ত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হিসেবে প্রত্যাবাসনের অবস্থানে অটল রয়েছে বাংলাদেশ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এমন ভয়াবহ অপরাধের ক্ষেত্রে দায়মুক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রায়টি সেই নীতিরই পুনঃনিশ্চিতকরণ। গুতেরেস উল্লেখ করেন, এই প্রথম আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে। তিনি মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে এই রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংস্থাটি বলেছে, দীর্ঘমেয়াদি সমাধানের মধ্যে রোহিঙ্গাদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিশ্চিত করা এবং তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি করাও অন্তর্ভুক্ত।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে অঞ্চলজুড়ে ১৩ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের অধিকাংশই বাংলাদেশে অবস্থান করছেন। এ ছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে এক লাখের বেশি মানুষ এখনো অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। তিনি এই রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানেরও দাবি জানিয়েছেন। অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু পদক্ষেপ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি এই দিনটিকে ‘সব রোহিঙ্গা মানুষের জন্য গভীর আবেগের একটি দিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘ন্যায়বিচারের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেই ন্যায়বিচার এখনো বাস্তবে প্রতিষ্ঠিত হয়নি।’
রোহিঙ্গা অধিকারকর্মী এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের সহসভাপতি নাই সান লুইন বলেছেন, রোহিঙ্গাদের জন্য প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, নিজস্ব পরিচয়ের স্বীকৃতি দিতে হবে এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
রোহিঙ্গাসহ মিয়ানমারের ২১৯টি নাগরিক সমাজের সংগঠনের একটি জোট আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে রায়টি পুরোপুরি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
জাস্টিস ফর মিয়ানমার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো ক্ষতিপূরণ প্রদান, রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া এবং শরণার্থীদের নিরাপদে নিজ দেশে ফেরার ব্যবস্থা করার দাবি জানিয়েছে। এ ছাড়া মিয়ানমারের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ফৌজদারি দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা। এই দাবির মধ্যে দেশটির সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধেও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি রয়েছে।
উইমেনস পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ও অধিকারকর্মী ওয়াই ওয়াই নু বলেছেন, রোহিঙ্গাদের পরিচয় মুছে ফেলা, তাদের অস্তিত্ব অস্বীকার করা এবং তাদের ওপর নির্যাতনের ঘটনাগুলোকে তুচ্ছ করে দেখানোর জন্য মিয়ানমারের সামরিক বাহিনী কয়েক দশক ধরে যে প্রচেষ্টা চালিয়ে আসছিল, আদালতের এই রায় তা ভেঙে দিয়েছে।
তিনি বলেন, ‘মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে সিদ্ধান্ত দিয়ে, একই অপরাধের পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা দিতে নির্দেশ দিয়ে এবং ক্ষতিপূরণ ও আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়ে বিশ্বের সর্বোচ্চ আদালত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রচারিত সেই মিথ্যাকে চিরতরে ভেঙে দিয়েছে।’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়কে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঐতিহাসিক ও কর্তৃত্বপূর্ণ স্বীকৃতি’ হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি বলেছে, এই রায় নির্যাতনের শিকার মানুষ, ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচার পাওয়ার একটি বিরল মুহূর্ত।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক আইনজীবী মারিয়া এলেনা ভিনিওলি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এই রায়কে ‘মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের জন্য বহু প্রতীক্ষিত স্বীকৃতি’ বলে অভিহিত করেছেন।

দৈনিক টার্গেট 


























