আজ বৃহস্পতিবার মিয়ানমারের গণহত্যার বিষয়ে আইসিজের রায়ের বিষয়ে ব্রিফিং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় নিজের বাড়িতে হামলার প্রসঙ্গ ছাড়াও দেশের সামগ্রিক পরিস্থিতি, সরকারের অবস্থান এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আট মাসের মধ্যে সরকার বেশ কিছু সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমানতা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারী দেশ ও অংশীদারদের আগ্রহ তৈরি হচ্ছে। কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। কিন্তু একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী দেশের এই অগ্রযাত্রা মেনে নিতে পারছে না।
হুমায়ুন কবির বলেন, ‘এগুলো একটা ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী। এরা বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সন্ত্রাসীদের কোনো দেশে টেকসই অবস্থান হয় না, বাংলাদেশেও হবে না। আমরা এদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ন্যায়বিচারের পথে এগোব।’
আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে না। বাংলাদেশে সন্ত্রাসের কোনো জায়গা নেই।
‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, ‘জয় বাংলা এখন বিদায় নেওয়ার স্লোগান। যারা পালিয়ে গেছে, তাদের স্লোগান এখন জয় বাংলা। তারা পালিয়ে গিয়ে কোথায় নেতৃত্বের কাছে যাবে, সেটাই দেখার বিষয়।’

দৈনিক টার্গেট 

























