গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই সফরে তিনি অস্ট্রেলিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
বিরোধীদলীয় নেতার এই সফরে চার সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে রয়েছেন। প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান এবং তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে বিদায় জানান দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সফর শেষে আগামী ২৬ নভেম্বর ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

দৈনিক টার্গেট 



























