গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
জরিমানা দেওয়া জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বালুরচর গ্রামের দেরাশ উদ্দিনের ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নওগাঁর সাপাহার থেকে একটি পিকআপে করে ৬৭ বস্তা রাসায়নিক সার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা-পুলিশের একটি টহল দল রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় পিকআপটি আটক করে। এ সময় পিকআপে ৬২ বস্তা ডিএপি ও পাঁচ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে সারসহ জাহাঙ্গীরকে আটক করে রহনপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার পরিবহনের ঘটনায় জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান, জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

দৈনিক টার্গেট 



















