বাংলাদেশ-ভারত সিরিজ এক দফা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে নেওয়া হয়। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা এই সিরিজে। কিন্তু এবারও ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসেনি। শোনা যাচ্ছিল, আগামী বছরের জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সাদা বলের সিরিজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তামিম বলেন, ‘এটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখন আপডেট দেওয়ার মতো অবস্থা থাকবে, আপনারাই সবার আগে জানতে পারবেন।’
পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শেষ হতে পুরো পাঁচদিনও লাগেনি। গত পরশু মাত্র চার দিনেই শেষ হয়ে যায় সেই ম্যাচ। এই ম্যাচ শেষ হতে না হতেই মহসিন নাকভি জানিয়েছেন, আগামী বছর একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হতে পারে বাংলাদেশে। নাকভি সম্ভাব্য সময় হিসেবে বিশ্বকাপের আগে উল্লেখ করেছিলেন। আজ তামিম বলেন, ‘এটা আসলে আমি বলতে চাইনি। আমার প্রতিপক্ষ দলের একজন সেটা বলে ফেলেছেন। আপনারা শুনেছেন যে সম্প্রতি পাকিস্তান থেকে এমনটা বলা হয়েছে। তিনি (মহসিন নাকভি) হয়তোবা ভুল… কিংবা ঠিক করে বলতে পারেননি। ঠিক এশিয়া কাপের আগে, বিশ্বকাপের আগে না।’
ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তামিম। আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমি শ্রীলঙ্কা-পাকিস্তানকে একটা প্রস্তাব দিয়েছি যে একটা ত্রিদেশীয় সিরিজ খেলতে পারি। দুই বোর্ড থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। যেহেতু এখনো সূচি ঠিক হয়নি, তাই নিশ্চিত বলতে পারি না। যদি এশিয়া কাপের আগে আগে এটা করতে পারি, সেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। অনেক আনন্দদায়কও হবে।’
মূলত শ্রীলঙ্কা-পাকিস্তান-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটাই তামিমের অনুপ্রেরণা। পাকিস্তানে অনুষ্ঠিত এই সিরিজে ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কা জিতে ইতিহাসের পাতায় নাম করে নিয়েছে। এটা ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকার জেতাটা এখনো সর্বোচ্চ। তাছাড়া সম্প্রতি অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট পড়ার পরও পাকিস্তান রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে। আজ বিসিবি সভাপতি বলেন, ‘আপনারা সম্প্রতি পাকিস্তানে দেখেছেন যে শ্রীলঙ্কা-পাকিস্তান-ইংল্যান্ড একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে। খুবই মজার ছিল। যদি ত্রিদেশীয় সিরিজগুলো আরও বেশি হয়, তাহলে মানুষের আগ্রহ আরও বেশি থাকবে।’
সূচি অনুযায়ী ২০২৭ সালের জুন-জুলাইয়ে হবে এশিয়া কাপ। বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ ঠিক কবে হবে, সেটা স্পষ্ট করে বলতে পারেননি তামিম। তবে তাঁর আশা, এশিয়া কাপের আগেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হবে। বিসিবি সভাপতি বলেন, ‘ঠিক এশিয়া কাপের আগে। এই সিরিজটা খেলেই তারা এশিয়া কাপে ঢুকে যাবে।’

দৈনিক টার্গেট 


























