মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, অভিযানে সন্দেহভাজন সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে ঘটনাস্থলে যাওয়ার পথে মেক্সিকান সেনাবাহিনীর চার সদস্য নিহত হন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেক্সিকোর বিশেষ বাহিনী অভিযানটি পরিচালনা করে।
প্রতিরক্ষা সচিবালয়ের ভাষ্য অনুযায়ী, অভিযানের আগে সন্দেহভাজনদের অবস্থান ঘিরে ফেলে তাঁদের পালানোর পথ বন্ধ করে দেওয়া হয়। তবে একটি স্থাপনায় প্রবেশের আগেই নিরাপত্তা বাহিনী গুলি ও বিস্ফোরক হামলার মুখে পড়ে। পরে মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মেসা ফ্লোরেসের চাচাতো ভাই ও সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা এবং তাঁর ভগ্নিপতি, যিনি সংগঠনটির আর্থিক কার্যক্রম পরিচালনা করতেন। মেসা ফ্লোরেস, তাঁর চাচাতো ভাই ও ভগ্নিপতিকে বিচারের মুখোমুখি করতে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে সিনালোয়া রাজ্যেই রাখা হয়েছে। অভিযানে গ্রেনেড লঞ্চারসহ বেশ কিছু অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
এফবিআইয়ের অভিযোগ, মেসা ফ্লোরেসের নেতৃত্বাধীন মেসা ফ্লোরেস অর্গানাইজেশন, যা গুয়াসাভে কার্টেল নামেও পরিচিত, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন, হেরোইনসহ প্রাণঘাতী মাদক পাচার করেছে। ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপুল পরিমাণ কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা উৎপাদন এবং বিতরণের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১২ সালে যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে প্রথম মাদক পাচারের অভিযোগ আনা হয়। পরে ২০১৯ সালে নতুন অভিযোগ আনা হয়। ২০২৫ সালে তাঁকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের মতো অপরাধেও তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
৪৪ বছর বয়সী মেসা ফ্লোরেস ১৯৯০-এর দশক থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। একসময় তিনি বেলত্রান লেইভা অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের জেরে ২০১৩ সালের দিকে নিজস্ব কার্টেল গড়ে তোলেন। পরে সিনালোয়া কার্টেলের সঙ্গে তাঁর সংগঠনের সংঘাত শুরু হয়।
মেসা ফ্লোরেসের গ্রেপ্তারের পর সিনালোয়া রাজ্যের আহোমে, গুয়ামুচিল, গুয়াসাভে ও নাভোলাতো এলাকায় সশস্ত্র সংঘর্ষ, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। হারমোসিলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট নাগরিকদের সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম যুক্তরাষ্ট্রের চাপের মুখে মাদক কার্টেলবিরোধী অভিযান জোরদার করেছেন। তবে মেক্সিকোর ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাবে আপত্তি জানিয়ে আসছে তাঁর সরকার।

দৈনিক টার্গেট 

























