গত শনিবার ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার পণ্যবাহী জাহাজ স্পার্টা-২। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। বর্তমানে জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করার পর সেটিকে টেনে রাশিয়ার ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
এ ঘটনায় বাল্টিক সাগর অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী একটি জাহাজে ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যে রোববার ভোরে লিবিয়ার বেনগাজি নৌঘাঁটির বন্দরে অবস্থানরত আরও একটি রুশ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায়ও দায় স্বীকার করেছে ইউক্রেন। জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়ার জন্য বন্দরে থামার সময় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি (জিএনএস) জানিয়েছে, জাহাজটি রাশিয়ায় ফেরার পথে বেনগাজি বন্দরে অবস্থান করছিল। বিদ্যমান একটি সামুদ্রিক চুক্তির আওতায় জাহাজটিকে বন্দরে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দৈনিক টার্গেট 



























