সত্যকি সাভারকরের পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহাটকর এ নোটিশ পাঠান। সোনিয়া গান্ধীর লেখা Belonging: A Journey of Love বইয়ের ২০১ ও ৪৪৩ নম্বর পৃষ্ঠায় সাভারকরকে নিয়ে করা মন্তব্যের বিষয়ে আপত্তি জানানো হয়েছে এতে। নোটিশে বলা হয়েছে, মন্তব্যগুলো তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিকভাবে বিভ্রান্তিকর এবং বিনায়ক দামোদর সাভারকরের সুনাম ও ঐতিহ্যের জন্য ক্ষতিকর।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে দাবিগুলো পূরণ করতে সোনিয়া গান্ধীকে সময় দেওয়া হয়েছে। তা না হলে সত্যকি সাভারকর উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, সোনিয়া গান্ধীর বইটি সম্প্রতি সত্যকি সাভারকরের নজরে আসে। হার্পারকলিন্স পাবলিশার্স ইন্ডিয়া প্রকাশিত বইটি গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্য ও ইঙ্গিতগুলো তাঁকে বিচলিত করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বইয়ের ২০১ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ‘কংগ্রেসের স্বাধীনতাসংগ্রামীরা যখন ব্রিটিশ শাসকদের হাতে নির্যাতন ও কারাবরণের শিকার হচ্ছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকরের মতো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জ্যেষ্ঠ আদর্শিক নেতারা তাঁদের ঔপনিবেশিক শাসকদের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন লিখছিলেন। আর তাঁদের সংগঠনের সদস্যরা তথ্যদাতা হিসেবে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করছিলেন।’
বইয়ের ৪৪৩ নম্বর পৃষ্ঠার আরেকটি বক্তব্যের প্রতিও আপত্তি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এর বিপরীতে গান্ধীজির সমসাময়িক বিনায়ক দামোদর সাভারকর হিন্দুত্ব নামে পরিচিত মতাদর্শের প্রতিষ্ঠাতা। তাঁর দৃষ্টিভঙ্গিতে ভারত মূলত এমন একটি রাষ্ট্র, যেখানে হিন্দুরাই সর্বোচ্চ অবস্থানে থাকবে। আরএসএস, বিজেপি এবং দেশজুড়ে তাদের অসংখ্য সহযোগী সংগঠন এই দৃষ্টিভঙ্গি ধারণ করে। এসব সংগঠন সম্মিলিতভাবে ‘সংঘ পরিবার’ বা ‘আরএসএসের পরিবার’ নামে পরিচিত।’
নোটিশে বলা হয়েছে, ২০১ নম্বর পৃষ্ঠার বক্তব্য থেকে এমন ধারণা তৈরি হয় যে বিনায়ক দামোদর সাভারকর ভারতীয় স্বাধীনতাসংগ্রামীদের বিষয়ে ব্রিটিশদের তথ্য দিতেন অথবা তাঁদের বিরুদ্ধে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করেছিলেন। এই ইঙ্গিত সরাসরি প্রত্যাখ্যান করেছেন সত্যকি সাভারকর। তাঁর দাবি, সাভারকরের কারাবাস, ক্ষমার আবেদন ও রাজনৈতিক কর্মকাণ্ড যে ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবেচনা করা প্রয়োজন, বইয়ের বক্তব্যে তা প্রতিফলিত হয়নি।
নোটিশে আরও বলা হয়েছে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে সাভারকর দীর্ঘদিন কারাবাস ও কঠোর নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছিলেন। এর মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলে বন্দিজীবনও ছিল। কারাবন্দী অবস্থায় সাভারকরের করা আবেদনগুলোর কথা উল্লেখ করার সময় সেগুলোর পেছনের পরিস্থিতি, ঐতিহাসিক প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ঘটনাবলি বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সত্যকি। এতে তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রামের অসম্পূর্ণ ও বিকৃত চিত্র তুলে ধরা হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।
বইয়ের ৪৪৩ নম্বর পৃষ্ঠার বক্তব্যের বিরোধিতা করে নোটিশে বলা হয়েছে, ভারতের বিষয়ে সাভারকরের রাজনৈতিক ও আদর্শিক দর্শনকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি এমন একটি ভারতের ধারণা দিয়েছিলেন, যেখানে হিন্দুরাই সর্বোচ্চ অবস্থানে থাকবে। এতে তাঁর চিন্তাধারার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সত্যকি সাভারকর।
এর আগে সোনিয়া গান্ধীর বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। দলটির নেতারা প্রকাশ্যে বইয়ের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন এবং বিতর্কিত বক্তব্য বাদ দেওয়ার দাবি জানান।

দৈনিক টার্গেট 






















