আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র, দেশি-বিদেশি ষড়যন্ত্র, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার’—দাবিতে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘ক্ষমতায় থাকতে বারবার বলেছে “শেখ হাসিনা পালায় না”। কিন্তু ২০২৪–এর গণ-অভ্যুত্থানে ঠিকই পালিয়ে গেছে। এমন নির্লজ্জ প্রধানমন্ত্রী এবং সভানেত্রী বাংলাদেশের মানুষ আর দেখেনি। ইদানীং তিনি দেশে ফিরে আসার কথা বলছে। যদিও এ কথা কেউ আর বিশ্বাস করে না।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু, গণতন্ত্র নিহত হয়েছে শেখ মুজিবের হাতে। শেখ হাসিনা আসার পর আবারও গণতন্ত্র ধ্বংস করেছে। তবে, বেগম জিয়ার হাত ধরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।’
দুদু আরও বলেন, ‘গণতন্ত্র হত্যাকারী এই বাকশালিদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পাশে থাকতে হবে। পার্শ্ববর্তী একটা দেশ প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে আবারও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চাচ্ছে। তাদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। আমি আশা করছি, কর্মজীবী দল অতীতের মতো আবারও গণতন্ত্রের প্রহরী হিসেবে ভূমিকা রাখবে।’
আলোচনা সভায় বিএনপির সহ–শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কর্মজীবী দলের সভাপতি মো. সালাহউদ্দিন খান (পিপিএম), সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 


























