আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপেরহাট এলাকার বিসিআইসি ডিলার হুমায়ুন কবির-২-এর গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ মহারাজপুর মেলার মোড়ে অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই যশোর থেকে এসব সার আনা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, বিসিআইসি ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত। সার জব্দের পর থেকে হুমায়ুন কবির ও তাঁর ছেলে বাবু পলাতক রয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। সকাল থেকে তাঁদের দোকান বন্ধ এবং মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা জানান, গোলাপেরহাট এলাকায় হুমায়ুন কবির-২ নামে একজন বিসিআইসি ডিলার রয়েছেন। তবে চলতি মাসে যশোরের নওয়াপাড়া থেকে শিবগঞ্জ উপজেলায় কোনো সার বরাদ্দ নেই। জব্দ করা সার কোথা থেকে, কারা এবং কী উদ্দেশ্যে এনেছিল, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে এক ট্রাক সার জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকে ৭০০ বস্তা সার রয়েছে। বস্তাগুলো গণনার জন্য শ্রমিক ডাকা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক টার্গেট 



















