সংগৃহীত বিল-ভাউচার ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪ সালের ৪ নভেম্বরসহ বিভিন্ন সময়ের কেনাকাটায় নিত্যপ্রয়োজনীয় ও প্রশিক্ষণ উপকরণের দাম অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছে। নথিতে একটি ইটের দাম ২৭ টাকা, প্রতি ব্যাগ সিমেন্ট ১ হাজার ১৮০, একটি ওয়ান-ওয়ে বৈদ্যুতিক সুইচ ৭২ এবং প্রতি লিটার মবিলের দাম ১ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রতি কেজি ঝুট ২০০ টাকা, এ-ফোর কাগজের এক রিম ৯১০ টাকা, প্রতিটি কলম ও শার্পনার ১৫, প্রতিটি মাস্ক ১৫, নিরাপত্তা চশমা ২৬০, এক জোড়া ওয়ানটাইম হ্যান্ড গ্লাভস ৮৫ এবং প্রতিটি ডিজিটাল মাল্টিমিটারের দাম ৩ হাজার ২৫০ টাকা দেখানো হয়েছে।
স্থানীয় বাজারদর ও সংশ্লিষ্ট সরবরাহকারীদের দেওয়া তথ্যের সঙ্গে এসব দরের বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। যে প্রতিষ্ঠান থেকে ইট কেনার কথা উল্লেখ রয়েছে, সেই হিমালয় অটো ব্রিক্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে তাদের এক গাড়ি ইটের দাম ছিল ২২ হাজার টাকা। সে হিসাবে একটি ইটের দাম পড়ে প্রায় ১১ টাকা। অন্যদিকে, বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রেতাদের ভাষ্য, মানসম্মত একটি ওয়ান-ওয়ে সুইচের দাম সর্বোচ্চ ৩৫ টাকা। অথচ ভাউচারে এর দাম দেখানো হয়েছে ৭২ টাকা।
অনুসন্ধানে আরও দেখা গেছে, ছয়টি ট্রেডে প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠানটিতে একই দিনে একাধিক সরবরাহকারীর কাছ থেকে প্রায় একই ধরনের উপকরণ কেনার তথ্য রয়েছে। জোনাকী কনস্ট্রাকশন ও স্থপতি নির্মাতা ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠান ৩৫ ধরনের উপকরণ সরবরাহের বিপরীতে প্রত্যেকে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার বিল জমা দিয়েছে। এ ছাড়া মেসার্স এ নেওয়াজ ট্রেডার্সের মাধ্যমে ১৪ ধরনের উপকরণ সরবরাহ দেখিয়ে ২ লাখ ২৫ হাজার টাকার বিল করা হয়েছে। একই ধরনের উপকরণ কেনার প্রয়োজনীয়তা এবং একই দিনে একাধিক বিলের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রশিক্ষণার্থীদের বক্তব্যেও উপকরণের প্রকৃত ব্যবহার ও বরাদ্দ নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রশিক্ষণার্থী জানান, প্রতি তিন মাস পরপর নতুন ইট কেনার কথা বলা হলেও বাস্তবে আগের ইট দিয়েই কাজ চালানো হয়। ইট ও সিমেন্টের এত বেশি দামও তিনি কখনো দেখেননি।
ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণার্থী আহসান ইসলাম হাবিব বলেন, প্রতিটি কোর্সে ২৫ লিটার পেট্রল ও ৩০ লিটার ডিজেল বরাদ্দ থাকে। তবে প্রশিক্ষণের ধরন অনুযায়ী পর্যাপ্ত গাড়ি চালানোর সুযোগ না থাকায় বরাদ্দ করা জ্বালানি যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
অন্যদিকে, বিল-ভাউচারে নাম থাকা সরবরাহকারীদের বক্তব্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি। স্থপতি নির্মাতা ট্রেডার্সের ঠিকাদার ওয়ালিউর রশিদ এসব উপকরণ কেনা ও দাম নির্ধারণের বিষয়ে নিজের অজ্ঞতার কথা জানিয়েছেন। অপরদিকে, মেসার্স এ নেওয়াজ ট্রেডার্সের ঠিকাদার আলী আসলাম জোয়ার্দ্দার স্ট্রোকের পর স্মৃতিবিভ্রমের কথা উল্লেখ করে কেনাকাটার বিষয়ে কিছু মনে করতে পারছেন না বলে দাবি করেছেন।
মালামাল গ্রহণ ও ব্যবহারের দায়িত্ব প্রতিষ্ঠানের প্রধানের হলেও অনিয়মের অভিযোগ নাকচ করেছেন চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান। তাঁর দাবি, মালামাল গ্রহণের জন্য আলাদা কমিটি ছিল। সর্বনিম্ন দরদাতার কাছ থেকেই উপকরণ কেনা হয়েছে। তা ছাড়া সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত নিরীক্ষা হওয়ায় অনিয়মের সুযোগ নেই।
তবে দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানিয়েছেন, এটি একটি রেকর্ডপত্রভিত্তিক অভিযান। সংগৃহীত নথিপত্র ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই-বাছাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

দৈনিক টার্গেট 





















