গতকাল শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিকা নুসরাত জাহান তামান্নার (১৯) বাড়িতে যান জেকুইন। বিদেশি যুবক প্রেমিকার বাড়িতে এসেছেন—এ খবর ছড়িয়ে পড়লে বাড়িতে ভিড় করেন উৎসুক লোকজন।
তিনি আরও জানান, প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং তাঁকে বিয়ে করতে গত ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন। ঢাকার একটি আবাসিক হোটেলে ওঠার পর গতকাল শুক্রবার সরাসরি প্রেমিকার গ্রামের বাড়িতে যান।
তামান্না জানান, তিনি ওই চীনা যুবককে বিয়ে করে চীনে যেতে চান। তবে তাঁর বাবা-মা ও স্থানীয় লোকজন এ বিয়েতে রাজি হননি। দীর্ঘ আলোচনা করেও পরিবারকে রাজি করানো সম্ভব না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় শুক্রবার মধ্যরাতে জেকুইন বাড়ি ছেড়ে চলে যান।
তামান্নার বাবা আমীর হোসেন বলেন, আমরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তাঁর পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।
ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং বিয়ের কোনো অনুমতিপত্র তাঁর কাছে নেই। বিভিন্ন সময় বিয়ের পর ব্ল্যাকমেলের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি। তামান্নার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই যুবক গ্রাম ছেড়ে চলে যান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চীনা যুবক আসার খবর পেয়ে তাঁর নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে যে মেয়ের বাড়িতে তিনি এসেছিলেন, তাঁর পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় রাতেই ওই যুবক বাড়ি ছেড়ে চলে যান।

দৈনিক টার্গেট 





















