মাহমুদিয়ানের ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, বুধবার বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করার পাশাপাশি তাঁর ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করা হয়েছে। ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদও তাঁর গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।
ইউরোপপ্রবাসী ইরানি মানবাধিকারকর্মী ও মাহমুদিয়ানের বন্ধু হোসেন রাজ্জাক বার্তা সংস্থা এপিকে জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এক ডজনের বেশি সশস্ত্র সদস্য মাহমুদিয়ানের বাসায় অভিযান চালিয়ে তাঁকে ধরে নিয়ে যান। আটকের পর হেফাজতে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তাঁকে রাজধানী তেহরানের অদূরে গ্রেটার তেহরান পেনিটেনশিয়ারিতে (বৃহত্তর তেহরান কারাগার) রাখা হয়েছে।
এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন মেহদি মাহমুদিয়ান। চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে সহিংস দমন-পীড়ন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমালোচনা করে ১৬ জনের সঙ্গে একটি বিবৃতিতে সই করায় গত ফেব্রুয়ারিতে অস্কার আসরের ঠিক আগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘সরকারের বিরুদ্ধে বিদ্রোহের’ অভিযোগে পাঁচ বছর কারাভোগ করেন তিনি।

দৈনিক টার্গেট 


























