দৈনিক টার্গেট

দেশের চেতনায়

ইসির তালিকা থেকে উধাও ‘নৌকা’ প্রতীক

বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে দলটির দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ অবশেষে সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে আর ‘নৌকা’ প্রতীকটি নেই। এ ঘটনায় রাজনীতির মাঠে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোঃ রফিকুল হক দৈনিক টার্গেটকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে একটি ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রশ্ন তোলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”

তিনি আরো লেখেন, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই মার্কা রেখে দিলেন?”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন এবং প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন। এরপর ২০২৫ সালের ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এর পরপরই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে দেয়।

তবে দলটির নিবন্ধন স্থগিত হওয়ার পরও ইসির ওয়েবসাইটে নৌকা প্রতীক বহাল থাকা নিয়ে প্রশ্ন ওঠে। গত ১৩ জুলাই সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও এখনই নৌকা প্রতীক বাদ দেওয়া হচ্ছে না। একইভাবে এখনই শাপলা প্রতীকও অন্তর্ভুক্ত হচ্ছে না।”

এই মন্তব্যের পরপরই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। একই দিন দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে গিয়ে নৌকা প্রতীক বাতিলের দাবি জানায়। এনসিপির পক্ষ থেকে বলা হয়, একটি নিষিদ্ধ ঘোষিত দলের প্রতীক রেখে দেওয়া নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সবশেষে, আজ ইসির ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলার মাধ্যমে কমিশন একটি স্পষ্ট বার্তা দিল নিবন্ধন স্থগিত দলের প্রতীকেরও আর স্থান নেই নির্বাচন ব্যবস্থায়।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।