উপকূলীয় কয়রা উপজেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরে লবণাক্ত পানির সমস্যার সম্মুখীন। এ সংকট সমাধানের জন্য বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কয়রা উপজেলা পানি কমিটি মানববন্ধন আয়োজন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি জমা দেয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ. এম. শাহাবুদ্দীন। সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মানববন্ধনে কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি এস. এম. মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সাংবাদিক কামাল হোসেন, পানি কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, ডা. নূর ইসলাম খোকন এবং ইউপি সদস্য আবু হাসান বক্তব্য দেন। তারা বলেন, “উপকূলীয় কয়রার মানুষ বহু বছর ধরে লবণাক্ত পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। এখন নিরাপদ ও সুপেয় পানি বিলাসিতার পর্যায়ে চলে গেছে। জরুরি ভিত্তিতে বিকল্প পানি উৎস সৃষ্টি, রেইনওয়াটার হারভেস্টিং এবং টেকসই পানি সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন।”
উক্ত মানববন্ধনে উত্তরণের এক্সেস প্রকল্পের স্থানীয় কো-অর্ডিনেটর ফয়সাল মণ্ডল, মেহেদী হাসান টিটু এবং আরাফাত রহমান সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মানববন্ধনের সমাপ্তিতে কয়রা উপজেলা পানি কমিটির পক্ষ থেকে সুপেয় পানির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।














