খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা জামায়াত কার্যালয়সংলগ্ন মাঠে আয়োজিত এই সমাবেশে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক অবক্ষয় রোধ এবং নৈতিক সমাজ বিনির্মাণে ইসলামী মূল্যবোধের প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য। হিন্দু- মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের সমঅধিকার নিশ্চিত করা এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের রাজনৈতিক অঙ্গীকার।” তিনি আসন্ন ৮ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জনগণকে ভয়ভীতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেন।
বক্তারা বলেন, দেশে নৈতিক অবক্ষয় বেড়ে যাওয়ায় সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তরুণ প্রজন্মকে সঠিক পথনির্দেশে এগিয়ে নিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সহযোগিতামূলক ভূমিকা জরুরি। তারা আরও বলেন, নৈতিকতা ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত একটি দায়িত্বশীল রাষ্ট্র গঠনে সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর, কর্মপরিষদ সদস্য, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য দেন প্রতাপসরণি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবী রঞ্জন মণ্ডল, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরবিন্দু মণ্ডল এবং উত্তর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান।
সমাবেশের শেষ পর্যায়ে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিষয়ক নানা প্রশ্ন উপস্থাপন করেন। প্রধান অতিথি লিখিত প্রশ্নগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং এসবের আলোকে নির্বাচনী ইশতেহার আরও শক্তিশালী করার আশ্বাস দেন।
সুধী সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিতরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।















