সভায় উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ টন। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে ১ হাজার ১০১ দশমিক ৯২ টন বা প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।
গত অর্থবছরে রপ্তানি হওয়া কৃষিপণ্যের মধ্যে তাজা ফলের পরিমাণ ছিল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ টন। এ ছাড়া ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ টন তাজা শাকসবজি এবং ২২৫ দশমিক ৫৯ টন মসলা ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি হয়েছে।
ফলের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে আম। গত অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ টন আম রপ্তানি হয়েছে। এ ছাড়া কাঁঠাল ৭১৯ দশমিক ২২ টন এবং লেবুজাতীয় ফল ৬৫২ দশমিক ৭৮ টন রপ্তানি হয়েছে। শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা, পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে যাচ্ছে।
বাংলাদেশের কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানি গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।
কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণে কেন্দ্রীয় প্যাকিং হাউসের ভূমিকার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। প্রতিষ্ঠানটি স্থাপনের আগে বাংলাদেশের কৃষিপণ্যের মানদণ্ড প্রতিপালনে অসংগতির কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে বছরে ১২০ থেকে ১৭০টি নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন আসত। প্রতিষ্ঠানটি চালুর পর এর সংখ্যা কমে বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে।
বিশেষ করে আম রপ্তানিতে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অগ্রগতির তথ্য তুলে ধরা হয়। কঠোর মান নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা এবং আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড অনুসরণের মাধ্যমে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ টন আম রপ্তানি হয়েছে। এসব চালানের বিপরীতে কোনো নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।
রপ্তানি প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের পরীক্ষা-নিরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ এবং কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয় করা হচ্ছে। নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত পণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করার ব্যবস্থাও রয়েছে।

দৈনিক টার্গেট 























