নিহত নিজামউদ্দিন মৃধা শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে পদ্মাসেতু সংলগ্ন মহাসড়কের জাজিরা অংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁদের হাতে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ছিল বলে জানা গেছে। মিছিল চলাকালে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে জাজিরার নাওডোবা এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিন মৃধা এবং জাজিরা উপজেলার এক যুবলীগ কর্মীর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, সংঘর্ষের সময় নাওডোবা এলাকায় পদ্মাভ্যালী রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিএনপির একটি অস্থায়ী ক্যাম্প এবং বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু সংলগ্ন এলাকায় ঘটেছে। তবে নিহত ব্যক্তির বাড়ি শিবচরের কুতুবপুরে। ভোরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

দৈনিক টার্গেট 


























