স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের ধারে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাউফল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করে। এর কিছুটা দূরে একটি বস্তার ভেতর থেকে দুই পা উদ্ধার করা হয়।
পোনাহুরা গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে মাদ্রাসার পেছনের সড়কের পাশে মানুষের একটি কাটা হাত ও দুই পা পড়ে থাকার খবর পান তিনি। এমন ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে এসব অঙ্গ সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে। উদ্ধার করা অঙ্গগুলোতে ইতিমধ্যে পচন ধরেছে। তবে এগুলো কার এবং কীভাবে সেখানে এসেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, ব্যক্তির পরিচয় শনাক্ত এবং শরীরের বাকি অংশের সন্ধানে পুলিশ কাজ করছে। উদ্ধার করা অঙ্গগুলোর ফরেনসিকসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক টার্গেট 
























