ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে শরণখোলাসহ উপকূলীয় অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত তিন দিন ধরে সাগরে মাছ ধরতে না পারায় জেলেরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সড়কে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে যাত্রী চলাচল কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষের আয়-রোজগারও কমে গেছে।
শরণখোলার খাদা গ্রামের ভ্যানচালক খলিল, দক্ষিণ সাউথখালী গ্রামের ইজিবাইকচালক আয়নাল হোসেনসহ কয়েকজন মোটরসাইকেল চালক জানান, তিন দিন ধরে বৃষ্টির কারণে মানুষজন প্রায় গৃহবন্দী। যাত্রীর অভাবে তাঁদের কোনো আয় হচ্ছে না। আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে।
দুবলার আলোরকোল থেকে শুক্রবার দুপুরে দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, গত তিন দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিন দিন আগে সাগর থেকে ধরে এনে শুকাতে দেওয়া জেলেদের প্রায় কোটি টাকার মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে না পারায় জেলেরা আরও কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।
তিনি জানান, বর্তমানে শুঁটকিপল্লির জেলেরা তাঁদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহের আলী, শেলারচর ও মাঝেরকেল্লাসহ আশপাশের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
আলোরকোল রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় গত বুধবার থেকে জেলেরা মাছ ধরতে পারছেন না।
দুবলার নারিকেলবাড়িয়া চর থেকে মহাজন আসলাম হোসেন এবং শেলারচর থেকে মহাজন আরিফ হোসেন মিঠু জানান, সাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলেদের অবস্থা অত্যন্ত খারাপ। তাঁরা সাগরে মাছ ধরতে পারছেন না। অন্যদিকে, টানা বৃষ্টিতে বিপুল পরিমাণ মাছ ভিজে নষ্ট হয়ে গেছে। এতে জেলেদের লোকসান গুনতে হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মুঠোফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচর এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে জেলেদের শুকাতে দেওয়া মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে কয়েক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

দৈনিক টার্গেট 























