দৈনিক টার্গেট

দেশের চেতনায়

কয়রায় মে দিবসে শ্রমিক সমাবেশ

খুলনার কয়রা উপজেলায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে আয়োজিত এসব কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিকেল ৪টায় কয়রা কপোতাক্ষ কলেজের হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি সংগঠনের কার্যালয়ে গিয়ে শ্রমিক সমাবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি গাজি এনামুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, শ্রমজীবী মানুষ সমাজ ও অর্থনীতির মূল চালিকাশক্তি। ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা অত্যন্ত উচ্চ এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সকলের দায়িত্ব। তিনি শ্রমিকদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন এবং সময়মতো ন্যায্য মজুরি প্রদানের আহ্বান জানান।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, সাবেক প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা ১৮৮৬ সালের ঐতিহাসিক মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও চলমান। শ্রমজীবী মানুষের নিরাপত্তা, মর্যাদা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।