গতকাল রোববার সকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আজ সোমবার তালা থানায় দণ্ডবিধির ৩৬৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ এবং মতিউর হোসেন মোরসালিন। সোহেল যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অপর আসামি মতিউর তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে এবং বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম কাশেম সরদার। তিনি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে এবং তেঁতুলিয়া বাজারে সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের ব্যবসা করেন।
এ ঘটনায় কাশেমের স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। একপর্যায়ে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 
























