এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে ছোট ভাই সোহাগের অনুসারী ছাত্রদল নেতা শাকিল ইসলামকে (৩২) বড় ভাই মিন্টু খুন করিয়েছেন বলে অভিযোগ
উঠেছে। এ ঘটনায় মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি ও দখলদারত্বের নানা অভিযোগ সামনে আসছে। ছেলেদের এবং নিজের কর্মকাণ্ডে চাপে পড়েছেন সংসদ সদস্য আব্দুল আজিজও।
টার্গেট খুঁজছিলেন সোহাগও গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ১৪ অক্টোবর রাতে হামলার শিকার হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়। অনুসারী শাকিলের ওপর হামলা হওয়ার আগে নিজের ‘টার্গেটকে’ খুঁজছিলেন সোহাগও। তাঁর টার্গেট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুজাউদ্দৌলা সুজন।
সুজন দাবি করেন, পূর্ববিরোধের জেরে ১২ অক্টোবর রাতে সোহাগ তাঁকে মোবাইলে হুমকি দেন। পরে তিনি যেখানে ছিলেন, সেখানে সশস্ত্র অবস্থায় দলবল নিয়ে আসেন। তবে এর দুই মিনিট আগে তিনি স্থান ত্যাগ করায় বেঁচে গেছেন। সুজনের ভাষ্য, ‘আমি এখন জান হাতে নিয়ে ঘুরছি।’
এদিকে শাকিলের ওপর হামলার ঘটনায় বিএনপি কর্মী শাহ আলম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে প্রতিবাদ করেছিলেন। পরে ১৮ অক্টোবর নয়াবাজারে এমপিপুত্র মিন্টুর নেতৃত্বে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
শাহ আলমের দাবি, শাকিলের ওপর হামলার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে। এলাকার মানুষ এখন এমপির দুই ছেলের কাছে জিম্মি।
গুরুদাসপুরের দলীয় নেতা-কর্মীরা বলছেন, আব্দুল আজিজ এমপি হওয়ার পর বেপরোয়া হয়ে উঠেছেন তাঁর দুই ছেলে। বড় ছেলে মিন্টু মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। তা ছাড়া চাঁদাবাজি করে বিপুল টাকার মালিক হয়েছেন।
মিন্টু গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। খুনের অভিযোগে গ্রেপ্তারের পর তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর ভাই সোহাগ উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা জানান, দুই ভাইয়ের দা-কুমড়া সম্পর্ক। এ জন্য মিন্টু বাড়ি ছেড়ে উপজেলা সদরে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। সম্প্রতি সার ডিলার নিয়োগে ২৫-৩০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। ডিলারশিপ পেয়েছেন সোহাগের ভায়রা ভাইও। মিন্টু নিজে একটি ডিলারশিপ পেলেও টাকার ভাগ পাননি।
বিএনপির ওই নেতা বলেন, দুই উপজেলার সব সরকারি অফিস ছোট ছেলে সোহাগের নিয়ন্ত্রণে। ঠিকাদারিও করছেন বেনামে। এসব নিয়ে মিন্টুর সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়েছে। সম্প্রতি একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই ভাই প্রকাশ্যেই বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মঞ্চের পেছনে গিয়ে তাঁরা একে অপরকে পিস্তল দেখান। এই পরিস্থিতিতে পুরস্কার বিতরণ না করেই মঞ্চ থেকে চলে যান এমপি আব্দুল আজিজ।
এ বিষয়ে জানতে গতকাল শুক্রবার সোহাগকে ফোন করা হলে তিনি ওই অনুষ্ঠানেই যাননি বলে দাবি করেন। তিনি বলেন, ‘দলের ভেতরে বিরোধী পক্ষ আছে। জামায়াত-আওয়ামী লীগ আছে। তারা এখন নানা ধরনের অপতথ্য ছড়াচ্ছে। আসলে এগুলোর কোনো কিছুরই ভিত্তি নেই।’
স্থানীয়রা বলছেন, আব্দুল আজিজ এমপি হওয়ার পর এলাকার যেখানেই অবৈধ পুকুর খনন হয়েছে, সেখানেই ভাগ বসিয়েছেন নুরুজ্জামান মিন্টু। পুকুরের মাটি বিক্রি করে তিনি অঢেল টাকা পকেটে পুরেছেন। যত দিন তিনি মাটি বিক্রি করেছেন, তত দিন উপজেলা প্রশাসনকে কোনো অভিযান চালাতে দেননি।
তিন মাস আগে গুরুদাসপুরের ধারবাড়িয়া এলাকায় প্রায় ১১ বিঘা জমিতে পুকুর কেটেছেন রোফাতুল্লাহ সরকার। তিনি জানালেন, কাজ শুরু করতেই মিন্টু গিয়ে সেখানে হাজির হন এবং জানান, মাটি তিনি বিক্রি করবেন। এরপর সেখান থেকে ৪ হাজার ২০০ ট্রাক্টর মাটি তিনি ইটভাটায় দিয়েছেন। প্রতি গাড়ি মাটি বিক্রি করা হয়েছে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকায়। এখান থেকে মিন্টু প্রায় ৬০ লাখ টাকা নিয়ে গেছেন বলে তিনি দাবি করেন।
রোফাতুল্লাহর ভাষ্য, যত দিন মাটি কাটা হয়েছে, তত দিন তাঁকে পুকুরেই যেতে দেওয়া হয়নি। সব সময় মিন্টুর ১০-১২ জন লোক থেকেছেন। পুকুর খনন শেষে তিনি তাঁর খালাতো ভাই ফারুক হোসেনকে দিয়ে অনুরোধ করিয়েছিলেন, যেন ভেকু ভাড়ার ৯ লাখ টাকা মিন্টু দেন। এতে ক্ষুব্ধ হয়ে মিন্টু পুলিশ দিয়ে তাঁকে ধরিয়ে মাদকসেবী সাজিয়ে ভ্রাম্যমাণ আদালতে নিয়েছেন। ৪ মাসের কারাদণ্ড দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। মাটি বিক্রি যেদিন শেষ হয়েছে, সেদিন ইউএনওকে দিয়ে ভেকুও জব্দ করিয়েছেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, মিন্টু এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। কয়েক মাস আগে সিরাজগঞ্জের তাড়াশ থেকে ৮ লাখ টাকার একটি ইয়াবার চালান গুরুদাসপুরে আসে। শাকিল এই ইয়াবার চালানের টাকা মেরে দেন। এতে ক্ষুব্ধ হন মিন্টু। এ কারণেই মিন্টু তাঁকে ‘শায়েস্তা’ করার পরিকল্পনা করেন।
তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘এ ধরনের কোনো জিডির হদিস পাওয়া যায়নি।’
শাকিলের মৃত্যুর পর গুরুদাসপুরে আলোচনায় এসেছে ‘চাটা গ্রুপ’ নামের একটি বাহিনী। শাকিলের বাবা রবিউল করিমের দাবি, শাকিল জীবিত অবস্থায় জানিয়েছিলেন, চাটা গ্রুপের সদস্য ইরফান নেওয়াজ ও মো. হাবিব তাঁর ওপর হামলা চালিয়েছিল। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আমেরিকাপ্রবাসী স্থানীয় ব্যবসায়ী রাসেল হোসাইনের অনুসারীদের এলাকায় ‘চাটা’ বলা হয়। এমপিপুত্র মিন্টু চাটা গ্রুপকে পৃষ্ঠপোষকতা করতেন।
রাসেল হোসাইন গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের কচুগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ব্যবসা করেন। আওয়ামী লীগের আমলে তিনি ওই দলের নেতাদের অর্থ দিয়ে সহযোগিতা করতেন। গুরুদাসপুর উপজেলা সদর চাঁচকৈড় বাজারে তাঁর একটি শপিং মল রয়েছে। শাকিলের লাশ দাফন শেষে এই শপিং মলে হামলা চালানো হয়।
নাটোর জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মাদকসংশ্লিষ্ট কারণে শাকিলকে শায়েস্তা করতে মিন্টু চাটা গ্রুপকেই দায়িত্ব দিয়েছিলেন। এ ক্ষেত্রে অর্থের জোগান দেন আমেরিকাপ্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইন।’
শাকিল হত্যা মামলাটি তদন্ত করছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জেলা ডিবির পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিসুর রহমান ও আল-আমিন নামের দুজনকে হেফাজতে নেওয়া হয়। তাঁরা চাটা গ্রুপের সদস্য।
এদিকে নাটোর প্রতিনিধি জানান, তিন দিনের রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টুকে গতকাল বিকেলে আদালতে তোলা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা তাঁর আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালতে শুনানি হয়নি। ডিবির পরিদর্শক নজরুল ইসলাম জানান, রিমান্ড আবেদনের শুনানি পরে হবে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

দৈনিক টার্গেট 























