স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা অফিসের সাইনবোর্ডে আগুন দেয়। পরে অফিসের থাইগ্লাস ভাঙচুর করে। যাওয়ার সময় অফিসের সামনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও বলেন, এ সময় অফিসের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, অফিসের কর্মচারী ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 
























