নিহত নবজাতকের মা ফাইজা আক্তার পিরোজপুরের জিয়ানগর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, গত ১১ নভেম্বর ফাইজা আক্তারকে দেশ ক্লিনিকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বাদল দ্রুত সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচার না করালে গর্ভের সন্তান মারা যেতে পারে বলেও জানান তিনি। পরে ২৫ হাজার টাকার বিনিময়ে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর অসুস্থ অবস্থায় জন্ম নেওয়া কন্যাশিশুটিকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ নভেম্বর সকালে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবা তারিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে জানানো হয়েছিল, গর্ভের পানি শুকিয়ে গেছে এবং দ্রুত অস্ত্রোপচার করতে হবে। অথচ অস্ত্রোপচারের পর দেওয়া পরীক্ষার রিপোর্টে পানির পরিমাণ ৯ দশমিক ৪২ শতাংশ উল্লেখ ছিল। চিকিৎসক ভুল তথ্য দিয়ে অস্ত্রোপচার করেছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চিকিৎসকের বিচার দাবি করেন তারিকুল।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসায় যুক্ত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পাপিয়া বৈরাগী পূজা জানান, নির্ধারিত সময়ের আগে অস্ত্রোপচার করায় শিশুটির শারীরিক গঠন পূর্ণতা না পেয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।
পিরোজপুরের সিভিল সার্জন মতিউর রহমান বলেন, এ বিষয়ে তাঁরা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ক্লিনিকটির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 

























