পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ, চতরা ডিগ্রি কলেজ, ভেন্ডাবাড়ি মহিলা কলেজ ও মাদারগঞ্জ ডিগ্রি কলেজে চারা বিতরণের আয়োজন করা হয়।
রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জন্মবার্ষিকীকে স্মরণীয় করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিতে পেরে আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সঙ্গে থাকতে হবে এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের শিক্ষার্থীরা শুধু একটি গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটিকে যত্নসহকারে বড় করে তোলার দায়িত্বও নেবে। গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা করাও অত্যন্ত জরুরি।’
তারেক রহমানের নেতৃত্ব ও দেশের উন্নয়ন প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁরা দেশের মানুষের কথা ভাবেন এবং দেশের উন্নয়নে কাজ করেন। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক ও চতরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 





















