গত শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে।
অভিযোগ সূত্রে জানা যায়, কনে ওমানে থাকাকালে উপজেলার জালালপুর এলাকার আবাছ আলীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময়ে আবাছ আলীকে সাড়ে তিন লাখ টাকা দেন বলে অভিযোগ করেছেন ওই কনে। প্রায় এক মাস আগে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে গতকাল বিয়ের দিন ধার্য হয়।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের আগে বরপক্ষ একটি মোটরসাইকেল দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কনের বাড়িতে মোটরসাইকেল ক্রয়ের জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়।
কনের ভাই বলেন, ‘আমার বোনকে বিয়ের দিন বধূ সাজানো হয়েছিল। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন। কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ আসেনি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’
তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা এক টাকাও যৌতুক নিইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেওয়া হয়েছে। আমার ভাই ও ওই মেয়ে একসঙ্গে প্রবাসে ছিলেন। সেখানে মেয়ের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানা সত্ত্বেও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তাঁরা সমাধান করতে না পারলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 

























