আজ রোববার নগর ভবনের সামনে শীতের কাপড় বিক্রির অন্তত অর্ধশত ভাসমান দোকান দেখা গেছে। সেখানে শিশুদের শীতের পোশাক কিনতে আসা গৃহিণী আসমা আক্তার জানান, বর্ষার মধ্যেও কনকনে শীত পড়ছে। তাই তাঁর দুই শিশুসন্তানের জন্য সোয়েটার ও ফুলহাতা গেঞ্জি কিনতে এসেছেন। কিন্তু এখন একটু দাম বেশি। জলিল মোল্লা নামের এক রিকশাচালক জানান, শীতের কানটুপি কিনতে এসেছেন।
এদিকে সদর রোড, লঞ্চঘাট, নতুন বাজার, রূপাতলী এলাকায়ও ভ্যানগাড়িতে মৌসুমি বিক্রেতারা পসরা সাজিয়েছেন। সাশ্রয়ী দামে গরম কাপড় পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের পাশাপাশি আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই এখান থেকে পোশাক কিনছেন। নগরের মহসীন মার্কেট ও সিটি মার্কেটে নতুন শীতকালীন কালেকশন এসেছে। এ ছাড়া বিএম কলেজ-সংলগ্ন বিভিন্ন দোকানে পাইকারি ও খুচরা দামে জ্যাকেট, সোয়েটার ও শিশুদের শীতের পোশাক পাওয়া যাচ্ছে।
সিটি মার্কেটের কাপড় ব্যবসায়ী আল আমীন বলেন, বৃষ্টির মধ্যে কনকনে শীত পড়ায় বেচাকেনা ভালোই যাচ্ছে। ছোট-বড় সবার জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের সোয়েটার, জ্যাকেট, চাদরসহ বিভিন্ন সামগ্রী। শিশু ও বয়স্কদের শীতের কাপড় বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে মাফলার, সোয়েটার, হুডি, মাথার টুপি, ফুলহাতা কাপড়ের গেঞ্জি বেশ বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে শীতের যে কাপড় বিক্রি হচ্ছে, তার অধিকাংশই গত বছরের।

দৈনিক টার্গেট 



















