দৈনিক টার্গেট

দেশের চেতনায়

বিজয়নগরে বর্ণাঢ্য আয়োজনে ‘অভিযান’-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অভিযান’-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনটি স্থানীয় সমাজে এক মিলনমেলায় পরিণত হয়।

শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবকসহ শতাধিক মানুষ।

সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অভিযান’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সাংবাদিক সারোয়ার হাজারী পলাশ। তিনি বলেন, “অভিযান ২৩ বছর ধরে সমাজের প্রান্তিক মানুষদের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সচেতনতা ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। এই পথচলা সম্ভব হয়েছে আপনাদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতায়।”

তিনি আগামীতেও সকলের সহযোদ্ধা হয়ে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুল কবীর, উপজেলা যুব উন্নয়ন অফিসার, আব্দুর রহমান খান ওমর, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাব, স্বর্ণ জিৎ দেব, উপজেলা শিক্ষা অফিসার, রোবিনা আক্তার, উপজেলা সমবায় অফিসার, এসআই শফিক, বিজয়নগর থানা, আব্দুল্লাহ আল হৃদয়, সাধারণ সম্পাদক, বিজয়নগর প্রেসক্লাব, মোঃ আলমগীর হোসাঈন, দপ্তর সম্পাদক, প্রেসক্লাব বিজয়নগর, অ্যাডভোকেট ছানা উল্লাহ, শাহ মোঃ শামসুজ্জামান, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান, শাহজালাল সরকারি কলেজ, আশরাফুল ইসলাম হাজারী উজ্জল, সহকারী অধ্যাপক, ইসলামপুর আলহাজ্ব শফিকুল ইসলাম কলেজ।

বক্তারা বলেন, ‘অভিযান’ শুধু একটি সংগঠন নয়, এটি সমাজ পরিবর্তনের এক গতিশীল মঞ্চ। তারা ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়। এরপর দুপুর ২টায় ‘অভিযান সেন্টার’-এ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘অভিযান স্কুল’-এর শিক্ষার্থীরা হামদ, নাত, গজল, ইসলামি সংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে। তাদের পরিবেশনায় অভিভাবক ও অতিথিরা মুগ্ধ হন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া, মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।

দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে বাউল শিল্পী অন্ধ সোহেল-এর লোকজ সংগীত পরিবেশনার মাধ্যমে। তার কণ্ঠে গ্রামীণ গান সকলকে আবেগে আপ্লুত করে।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, ‘অভিযান’-এর সদস্য এবং নানা শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনটি ছিল সৌহার্দ্য ও উৎসবের এক বাস্তব নিদর্শন।

‘অভিযান’-এর এই দীর্ঘ পথচলা সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল শুধু উৎসব নয়, বরং একটি প্রতিজ্ঞা “মানবিক সমাজ গড়ার অভিযাত্রা অব্যাহত থাকবে।”

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।