সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ট্রলারগুলো যাত্রা শুরু করে। প্রতিটি ট্রলারে ৬০ জন করে যাত্রী নেওয়ার কথা রয়েছে।
এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্ট মার্টিনসহ সংশ্লিষ্ট নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণে যান। পরদিন বৃহস্পতিবার থেকে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজনে এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে পর্যটকদের জন্য কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। আবার কিছু হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে।
সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে।

দৈনিক টার্গেট 






















