মক্কায় ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে চলমান পবিত্র হজ কার্যক্রমে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিন অনুযায়ী, মৃত্যুবরণকারী সবাই পুরুষ হজযাত্রী এবং তারা সবাই মক্কায় অবস্থানকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা কিংবা মিনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
চলতি হজ মৌসুমের ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৩৫ হাজার ৭৬৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩২ হাজার ৪৮২ জন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ৮৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট সম্পন্ন করেছে।
যাত্রী পরিবহনের পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্সে ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।
এছাড়া সৌদি আরবে স্থাপিত হজ চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি হজ আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়।
