ঘটনার খবর পেয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বিস্ফোরিত বোমার অংশবিশেষ জব্দ করেছে বলে জানান তিনি।
আহসান হাবিব রিপন বলেন, রাতে মনিরামপুর বাজারে থানা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে বাড়ির সামনের মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। তাঁর সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনসহ দলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন।
রিপনের ভাষ্য, দোকান বন্ধ হওয়ার আগমুহূর্তে রাজগঞ্জ বাজারের দিক থেকে দুটি মোটরসাইকেল তাঁদের সামনে দিয়ে মনিরামপুর বাজারের দিকে যায়। মিনিট দুয়েক পর মোটরসাইকেল দুটি ফিরে এসে তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
রিপন বলেন, ‘আমাদের থেকে দুই-তিন হাত দূরত্বে বিকট শব্দে তিনটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় আমরা আতঙ্কে দোকানের আরও ভেতরের দিকে ঢুকে পড়ি। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে আসার পর আমরা বেরিয়ে এসে মোটরসাইকেল দুটিকে ধাওয়া করি। ততক্ষণে মোটরসাইকেল দুটি পালিয়ে যায়।’
আহসান হাবিব রিপন আরও বলেন, ‘দুটো মোটরসাইকেলে চারজন ছিল। তারা মোটরসাইকেলের ওপর বসে বোমা ছুড়েছে। তিনটি বোমা ফুটেছে। আজ সকালে লোকজন ঘটনাস্থলের পাশে একটি অবিস্ফোরিত বোমা পড়ে থাকতে দেখেছেন।’
সন্দেহভাজনদের বিষয়ে রিপন বলেন, তিনি ঝাঁপা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাঁর প্রতিপক্ষ রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলতে চান না তিনি। এ ঘটনায় থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশবিশেষ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

দৈনিক টার্গেট 



















