জাতীয় প্রেস ক্লাবে আজ বৃহস্পতিবার আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্রের স্থায়ী সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি। রোহিঙ্গা সংকট কক্সবাজারের জনজীবন, পরিবেশ ও নিরাপত্তাকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত ঐতিহাসিক রায় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রায়ের নৈতিক ও আন্তর্জাতিক প্রভাব দেশের স্বার্থে কাজে লাগাতে হবে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গার জীবনযাপন, নিরাপত্তা, মাদক ও অপরাধের বিস্তার দেশের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে টেকনাফ মাদক পাচারের অন্যতম পথ হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতের রায় রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বিপুলসংখ্যক অন্য দেশের নাগরিককে দীর্ঘ সময় আশ্রয় দিয়ে রাখা বাংলাদেশের জন্য বড় নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, আন্তর্জাতিক আদালতের রায়কে কাজে লাগাতে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করা উচিত। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাতে হবে। মিয়ানমার, চীন ও বাংলাদেশের মধ্যে সমঝোতা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ওআইসি, আসিয়ান ও মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোকেও সংকট সমাধানে এগিয়ে আসতে হবে।
সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক সাকিব আলী বলেন, চীন ও রাশিয়া যাতে সরাসরি মিয়ানমারের পক্ষে অবস্থান না নেয়, সে বিষয়ে বাংলাদেশকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে দেশের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা বাড়ানো জরুরি।

দৈনিক টার্গেট 


















