স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি উৎপাদন বাড়ানো ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সম্প্রতি শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কাদিরপাড়া-ঘাসিয়ারা মাঠের গুরুত্বপূর্ণ খালটি সরকারি অর্থায়নে পুনঃখনন করা হয়।
অভিযোগ রয়েছে, খননকাজ শেষ হওয়ার পরপরই ঘাসিয়াড়া গ্রামের সাহেব আলী, খবির উদ্দিন, আইয়ুব, তৈয়েব ও কাবিলসহ কয়েকজন খালের দুই পাড়ের মাটি কেটে ভেতরে ফেলেন। পরে সেখানে পাড় তৈরি করে নিজেদের কৃষিজমির সীমানা বাড়ান তাঁরা।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, এভাবে খাল ভরাট চলতে থাকলে একসময় এর অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে জমিতে সেচ দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেবে।
সরেজমিনে দেখা যায়, খালের পাড় কেটে ভেতরে মাটি ফেলার কারণে এর প্রশস্ততা কমে গেছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার আমাদের সুবিধার জন্য লাখ লাখ টাকা খরচ করে খালটি খনন করেছে। অথচ কয়েকজন নিজেদের স্বার্থে সেটি দখল করে নিচ্ছেন। মাটি কাটার সময় বাধা দিয়েও তাঁদের থামানো যায়নি।’
অভিযোগের বিষয়ে সাহেব আলী, আইয়ুব ও কাবিল বলেন, ‘খালের পাড় কেটে জমি তৈরি করা আমাদের অন্যায় হয়েছে। তবে জমিতে ফসল থাকায় এখনই মাটি সরানো সম্ভব হচ্ছে না। আগামী চৈত্র মাসে নিজেদের দায়িত্বে খালের ভেতরে ফেলা মাটি সরিয়ে আগের মতো পাড় তৈরি করে দেব।’
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকারি খাল দখলের কোনো সুযোগ নেই। সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক টার্গেট 




















