• ব্যবসায়ীদের দাবি, এক মাসে ৪০-৫০ কোটি টাকার আর্থিক লেনদেন থেকে তাঁরা বঞ্চিত
• পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

দৈনিক টার্গেট • ব্যবসায়ীদের দাবি, এক মাসে ৪০-৫০ কোটি টাকার আর্থিক লেনদেন থেকে তাঁরা বঞ্চিত
• পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

এক মাসের বেশি সময় ধরে চলা সড়ক অবরোধ, পর্যটক প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞা ও যান চলাচলে বিধিনিষেধের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক কার্যত অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক, চালক ও ক্ষুদ্র উদ্যোক্তা।
ব্যবসায়ীরা বলছেন, পর্যটন মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে গত এক মাসে ৪০-৫০ কোটি টাকার আর্থিক লেনদেন থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় সংকটে পড়েছে সাজেকের পর্যটন খাত।
স্থানীয় ব্যবসায়ীদের হিসাবে, সাজেকে প্রায় ১৩৫টি রিসোর্ট রয়েছে। এসব রিসোর্টে প্রায় তিন হাজার পর্যটকের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। স্বাভাবিক সময়ে পর্যটকদের থাকা-খাওয়া ও যাতায়াতে জনপ্রতি গড়ে পাঁচ হাজার টাকা ব্যয় হলে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার লেনদেন হতো। এর বাইরে পরিবহন, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসা মিলিয়ে দৈনিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ প্রায় দুই কোটি টাকা।
সাজেকের রুইলুই রিসোর্টের পরিচালক মিশু দে বলেন, পর্যটন মৌসুমে গত এক মাসে ৪০-৫০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা ছিল। কিন্তু অবরোধের কারণে সবকিছু বন্ধ রয়েছে। আয় না থাকলেও কর্মচারীদের বেতন, পানি-বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণের খরচ চালাতে হচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে।
সাজেকের পর্যটননির্ভর অর্থনীতির সঙ্গে জড়িত রিসোর্ট ও পরিবহন ব্যবসায়ী ছাড়াও খাবারের দোকানি, হস্তশিল্প বিক্রেতা, কৃষিপণ্য ব্যবসায়ী ও দিনমজুরেরা। পর্যটকদের আগমন বন্ধ থাকায় তাঁদের আয়ও থমকে গেছে।
পর্যটন উদ্যোক্তা মো. শাহীন রেজা বলেন, তাঁর তিনটি রিসোর্টে ১২ জন কর্মচারী কাজ করেন। গত মাস পর্যন্ত তাঁদের বেতন দিতে পারলেও চলতি মাসের বেতন এখনো পরিশোধ করতে পারেননি। ব্যাংকঋণের মাসিক ৬০ হাজার টাকার কিস্তিও বকেয়া পড়েছে। আয় বন্ধ থাকায় এসব খরচ কীভাবে সামাল দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অবরোধকারীরা। তাঁদের দাবির মধ্যে সাজেক থেকে জেএসএসকে সরিয়ে দেওয়ার বিষয়টিও রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, জেএসএসের আধিপত্য ও কর্মকাণ্ডের কারণে এলাকায় সংকট তৈরি হয়েছে। তবে এ বিষয়ে জেএসএসের বক্তব্য পাওয়া যায়নি।
সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। জেএসএসের কারণে সংকট তৈরি হয়েছে বলে তাঁরা মনে করেন। সরকার সংগঠনটিকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলে অবরোধ তুলে নেওয়া হবে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, সাজেক যত দিন বন্ধ থাকবে, ব্যবসায়ীদের ক্ষতি তত বাড়বে। দ্রুত সমস্যার সমাধান হলে স্থানীয়দের অর্থনৈতিক কর্মকাণ্ড আবার সচল হবে।
সাজেক রিসোর্ট ও কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস সাজেকের প্রধান পর্যটন মৌসুম। এবার মৌসুমের শুরুতেই অবরোধ শুরু হওয়ায় উদ্যোক্তারা বড় ক্ষতির মুখে পড়েছেন। ব্যাংকঋণের কিস্তি পরিশোধ ও কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে। অবরোধ দীর্ঘায়িত হলে অনেক উদ্যোক্তাকে ব্যবসা গুটিয়ে নিতে হতে পারে।
এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার খবর পেলেই পর্যটকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

খাগড়াছড়ি সদরে চেঙ্গী নদীতে বালু উত্তোলনের জন্য সৃষ্টি গভীর গর্ত যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সেই গর্তেই পড়ে প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী শিশু সুপন ত্রিপুরা। নদীর প্রায় ১৫ ফুট গভীর গর্তে পড়ে তার মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে খবংপুরিয়া এলাকার বাসিন্দারা।

খাগড়াছড়িতে ককটেল সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে আবদুল ওয়াদুদ ভূঁইয়া শেখ হাসিনার দেশে ফেরা এবং বিচার নিয়ে মন্তব্য করেন। সমাবেশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি তিন পার্বত্য জেলায় সমান উন্নয়নের কথা বলেন।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে চলমান অবরোধ প্রত্যাহার ও সড়ক সচলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় হেডম্যান, কার্বারি ও জনপ্রতিনিধিরা। আজ বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকের দাঁড়িপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।