আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. শহীদের বয়স ৬২ বছর। তিনি ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।
নিহতের পরিবারের দাবি, জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সাবেরা খাতুনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা কার্যকরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য বাড়িতে যান।
পরিবারের ভাষ্য, সাবেরা খাতুনকে না পেয়ে পুলিশ তাঁর স্বামী শহীদকে জোর করে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ শক্তি প্রয়োগ ও ভয়ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ পরিবারের।
নিহতের ভাই আবদুল খালেক বলেন, ‘জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে করা মামলায় আমার ভাইয়ের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ দুপুরে তাঁকে ধরতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ আমাদের বাড়িতে আসেন।’
আবদুল খালেকের দাবি, তাঁর ভাবিকে না পেয়ে পুলিশ শহীদকে হাতকড়া পরিয়ে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শহীদ নিরপরাধ উল্লেখ করে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও উপপরিদর্শক সাব্বির তা উপেক্ষা করেন বলে অভিযোগ তাঁর।
আবদুল খালেক বলেন, ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় তাঁর ভাই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায় বলে তাঁর দাবি। পরিবারের সদস্যরা শহীদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলা ছাড়া হাতকড়া পরিয়ে শহীদকে তুলে নেওয়ার চেষ্টা এবং ধস্তাধস্তিতে তাঁর মৃত্যুর অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সদস্যদের একটি দল নিহতের বাড়িতে অবস্থান করছিল।

দৈনিক টার্গেট 




















