গতকাল বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুজন হলেন বউবাজার এলাকার হুমায়ুন কবির ও তাঁর চাচাতো ভাই রাকিব মিয়া।
হুমায়ুন কবিরের পরিবারের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর হুমায়ুনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বাতেন দেওয়ান। হুমায়ুন চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বাতেন ও তাঁর সহযোগীরা হুমায়ুনের বৃদ্ধ বাবা ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী প্যাদাকে মারধর করেন।
হুমায়ুনের বড় ভাই মো. মঞ্জু মিয়া জানান, ১০ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন হুমায়ুন। বিষয়টি জানতে পেরে গতকাল রাতে বাতেন দেওয়ান ও তাঁর সহযোগীরা বউবাজার এলাকা থেকে হুমায়ুন ও রাকিবকে তুলে নিয়ে যান। পরে তাঁদের মারধর করে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আখ্যা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঞ্জু মিয়া আরও জানান, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাঁদের পরিবারের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এর আগেও তাঁর বাবাকে মারধর করা হয়েছে। এবার তাঁর ভাই ও চাচাতো ভাইকে তুলে নিয়ে নির্যাতনের পর পুলিশে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, বাতেন দেওয়ান এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁদের দাবি, কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা যেতে পারে, কিন্তু কাউকে তুলে নিয়ে নির্যাতন করার অধিকার কারও নেই।
বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, কোনো অপরাধীর সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তা অন্যায়। দলের কেউ এমন ঘটনায় জড়িত থাকলে খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আমতলীর গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, হুমায়ুন কবির ও রাকিব মিয়াকে ছাত্রলীগের সদস্য দাবি করে ফাঁড়িতে হস্তান্তর করেছেন বাতেন দেওয়ান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গাজীপুর পুলিশ ফাঁড়ি থেকে দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিস্ফোরক আইনের মামলায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বলেন, আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

দৈনিক টার্গেট 























