সকালে চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে মানিক (২২) নামের এক কারখানাশ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, মানিক আমিরাবাগ এলাকার একটি সিলভার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার বিকেলে কাজে যাওয়ার পর গভীর রাতে কারখানা থেকে ফোন করে পরিবারকে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা কারখানায় গিয়ে মানিককে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে শরীরে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেওয়া হয়।
এদিকে শাক্তা ইউনিয়নের রায়েরচর এলাকার আটিবাজার খাল ও বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্মশানঘাট থেকে অজ্ঞাতনামা আরও দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
নৌ পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই যুবকের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। পোস্তগোলা শ্মশানঘাট থেকে উদ্ধার হওয়া মরদেহটি তিন থেকে চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। ওই যুবকের পরনে লাল রঙের শর্ট প্যান্ট ছিল।
আটিবাজার খাল থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন পৃথক মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক টার্গেট 






















